Truth Of Bengal: শুরু হল ‘আনন্দী’-র পথচলা। এক অতীত স্বপ্ন আর বর্তমানের অঙ্গীকার নিয়ে এই পথচলা শুরু। গত ৭ মার্চ এই উপলক্ষে উত্তর ২৪ পরগনার নৈহাটি ঐকতান মঞ্চে এক শুভারম্ভ অনুষ্ঠান আয়োজিত হয়েছিল।

‘আনন্দী’-র পথচলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টজনেরা। উদ্বোধনী অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক আয়োজন। এক আটপৌরে মায়ের ইচ্ছেপূরণের উদ্দেশ্য নিয়েই এই পথ চলা শুরু হল।

তাঁর ইচ্ছে ছিল বাড়ির উঠোনে মহলা-কক্ষে আবৃত্তি – নাচ – গান – আঁকার প্রশিক্ষণ চলবে। আর সেই কক্ষ ভরে থাকবে ছোটদের কলতানে। এই ইচ্ছেপূরণ সেইসময়ে সম্ভব হয়নি তাঁর।

ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন তিনি। তবে রয়ে গিয়েছে তার স্বপ্নগুলো। আজ তিনি শরীরে নেই, কিন্তু তাঁর একমাত্র কন্যা মায়ের সেই ইচ্ছেপূরণ করল মায়ের জন্মদিনে।
মায়ের জন্মদিন হয়ে উঠল মায়ের ইচ্ছেপূরণের দিন। যাত্রা শুরু হল ‘আনন্দী… এক ইচ্ছেপূরণের পাঠশালা’। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, বাচিকশিল্পী আবৃত্তিশিল্পী, সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পীরা।

এই বিশেষ দিনটির আনন্দ সন্ধ্যায় বিশিষ্টজনদের উপস্থিতির মধ্য দিয়ে স্বপ্ন পূরণের যাত্রা শুরু হল। অতিথি অভ্যাগতদের ধন্যবাদ জানান অর্পিতা বন্দোপাধ্যায়।






