বিনোদন

“মাতৃত্বও হারাতে পারতাম!” বিগ বসের মঞ্চে বিস্ফোরক দাবি সৃজলার

পাঁচ দিন পর ঘরে ফিরলেও সেই আঘাত কতটা ভয়াবহ ছিল, তা প্রকাশ্যে জানাননি অভিনেত্রী

Truth of Bengal: ‘বিগ বস বাংলা’র ঘরে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে এতদিন অনেক কথাই চেপে রেখেছিলেন সৃজলা গুহ। গুরুতর চোটের পর হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। পাঁচ দিন পর ঘরে ফিরলেও সেই আঘাত কতটা ভয়াবহ ছিল, তা প্রকাশ্যে জানাননি অভিনেত্রী। এবার বিগ বসের নির্দেশে ‘মনের কথা’ বলার খেলায় সামনে এল সেই আতঙ্কজনক সত্যি। সৃজলা জানালেন, চোট এতটাই গুরুতর ছিল যে তিনি ভবিষ্যতে মা হওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলতে পারতেন। সোমবারের পর্বে বিগ বস প্রত্যেক প্রতিযোগীকে অন্যদের বিরুদ্ধে নিজের অভিযোগ লিখে জানাতে বলেন। পরে সেই অভিযোগ সকলের সামনে পড়ে শোনাতে হয়। সেখানেই সৃজলাকে ঘিরে একাধিক মন্তব্য উঠে আসে।

তনুশ্রী তাঁর চিঠিতে লেখেন, নন্দিনী নিজের কাজের জন্য অনুতপ্ত, তাই এবার সৃজলার উচিত তাঁকে মন থেকে ক্ষমা করে দেওয়া। এই কথাতেই আবেগ চেপে রাখতে পারেননি সৃজলা। প্রথমবার তিনি জানান, দুর্ঘটনার পরে তাঁর কী ভয়াবহ শারীরিক ঝুঁকি তৈরি হয়েছিল। সৃজলার কথায়, কাঠের ঘোড়া থেকে পড়ে যাওয়ার পরে যে ধরনের আঘাত লেগেছিল, তাতে তাঁর ভবিষ্যতের মাতৃত্ব নিয়েও আশঙ্কা তৈরি হয়েছিল। সেই কারণেই নন্দিনীকে এখনই মন থেকে ক্ষমা করার মতো মানসিক অবস্থায় তিনি নেই। তবে টাস্ক বা খেলার প্রয়োজনে প্রয়োজনীয় কথা বলবেন বলেও জানিয়েছেন অভিনেত্রী।

ঘটনাটি ঘটেছিল কয়েক সপ্তাহ আগে ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন। প্রথমে মিউজিক্যাল চেয়ারের মাধ্যমে পাঁচ প্রতিযোগী পরবর্তী পর্বে ওঠেন—সৃজলা, মনামী, জীতু, তনুশ্রী এবং রাজবীর। এরপর তাঁদের কাঠের ঘোড়ায় বসে থাকতে হত। যিনি শেষ পর্যন্ত টিকে থাকবেন, তিনিই হবেন ক্যাপ্টেন। নিয়ম অনুযায়ী, অন্য প্রতিযোগীরা কাউকে আঘাত না করে ঘোড়া থেকে নামানোর চেষ্টা করতে পারতেন। টাস্ক চলাকালীন নন্দিনী সৃজলাকে নামানোর চেষ্টা করেন। সেই সময় ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন সৃজলা। ঘটনার পর সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় পাঁচ দিন পর ‘বিগ বস’-এর ঘরে ফেরেন অভিনেত্রী। এতদিন পর্যন্ত দুর্ঘটনার শারীরিক যন্ত্রণার কথা সামনে এলেও, তার সম্ভাব্য দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে মুখ খোলেননি সৃজলা। এবার তাঁর মুখেই সেই ভয়াবহ আশঙ্কার কথা সামনে আসায় নতুন করে আলোচনায় নন্দিনী-সৃজলা সমীকরণ।