বক্স অফিসে ‘রামায়ণ’-ঝড়! ১২ দিনেই ভেঙে দিল ‘ধুরন্ধর’, ‘RRR’-এর রেকর্ড, এবার নিশানায় ‘পুষ্পা ২’
একের পর এক রেকর্ড ভেঙে এবার ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয়কারী ছবিগুলির তালিকায় উপরের দিকে উঠে আসছে এই ছবি
Truth of Bengal: মুক্তির পর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় দু’সপ্তাহ। কিন্তু বক্স অফিসে ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’-এর দাপট যেন কিছুতেই কমার নাম নিচ্ছে না। রামের চরিত্রে রণবীর কাপুর এবং রাবণের ভূমিকায় যশের অভিনয় দর্শকদের মন জয় করেছে। আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে ছবির আয়ের পরিসংখ্যানে। একের পর এক রেকর্ড ভেঙে এবার ভারতীয় সিনেমার সর্বোচ্চ আয়কারী ছবিগুলির তালিকায় উপরের দিকে উঠে আসছে এই ছবি। সবচেয়ে বড় চমক, মুক্তির মাত্র ১২ দিনের মধ্যেই বিশ্বব্যাপী আয়ের নিরিখে ‘ধুরন্ধর’, ‘RRR’ এবং ‘KGF Chapter 2’-এর মতো ব্লকবাস্টার ছবির লাইফটাইম কালেকশনকে ছাপিয়ে গিয়েছে ‘রামায়ণ’। এবার নজর দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-এর দিকে। যদিও ত্রয়োদশ দিনে টিকিট বিক্রির গতি কিছুটা কমেছে, তবুও ছবির মোট আয় যে জায়গায় পৌঁছেছে, তাতে নতুন রেকর্ডের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বক্স অফিসের হিসাব অনুযায়ী, ভারতে ছবিটির গ্রস কালেকশন ইতিমধ্যেই ৯৮১ কোটি ১০ লক্ষ টাকা। অন্যদিকে নেট কালেকশন দাঁড়িয়েছে ৮২০ কোটি ৯৫ লক্ষ টাকা। দেশের বাইরেও ছবির জনপ্রিয়তা তুঙ্গে। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৫০২ কোটি টাকা। ফলে সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘রামায়ণ’-এর গ্রস কালেকশন ১,৪৮৩ কোটি ১০ লক্ষ টাকা। তুলনায় ‘ধুরন্ধর’-এর বিশ্বব্যাপী আয় ১,৩০৭ কোটি ৩৫ লক্ষ টাকা, ‘RRR’ আয় করেছিল ১,২৩০ কোটি এবং ‘KGF Chapter 2’-এর সংগ্রহ ছিল ১,২১৫ কোটি টাকা। অর্থাৎ এই তিন ছবিকেই পিছনে ফেলে দিয়েছে রণবীর-যশের ‘রামায়ণ’। তবে এখনও তালিকায় তার ঠিক উপরে রয়েছে ‘পুষ্পা ২’। আল্লু অর্জুন অভিনীত ছবিটির বিশ্বব্যাপী গ্রস কালেকশন ১,৭৪২ কোটি ১০ লক্ষ টাকা। ফলে সেই রেকর্ড ভাঙতে ‘রামায়ণ’-কে আরও পথ পেরোতে হবে। বক্স অফিসের সর্বোচ্চ আসনে রয়েছে ‘দঙ্গল’, ‘ধুরন্ধর ২’ এবং ‘বাহুবলী ২’-এর মতো ছবি। এবার দেখার, শেষ পর্যন্ত কতগুলি রেকর্ড নিজের ঝুলিতে ভরতে পারে এই মহাকাব্যনির্ভর সিনেমা।
শুধু ভারতেই নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশেও ব্যাপক সাড়া ফেলেছে ‘রামায়ণ’। থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা এবং কম্বোডিয়ায় ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। এর অন্যতম কারণ, এই দেশগুলির সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে রামায়ণের গভীর যোগ রয়েছে। থাইল্যান্ডে রামায়ণের নিজস্ব সংস্করণ ‘রামাকিয়েন’ অত্যন্ত জনপ্রিয়। ফলে ভগবান রাম ও রাবণের কাহিনির আধুনিক সিনেমারূপ দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন সেখানকার দর্শকরা। দাবি, এর আগে কোনও ভারতীয় সিনেমা থাইল্যান্ডের বক্স অফিসে এত বিপুল ব্যবসা করতে পারেনি। নেপাল ও শ্রীলঙ্কাতেও ছবির সাফল্য নজরকাড়া। বাল্মীকি রামায়ণে এই দুই দেশের একাধিক স্থানের উল্লেখ থাকায় কাহিনির সঙ্গে স্থানীয় মানুষের সাংস্কৃতিক ও ঐতিহাসিক আবেগ জড়িয়ে রয়েছে। একইভাবে কম্বোডিয়াতেও রামায়ণকে ঘিরে আগ্রহ ছবির জনপ্রিয়তা বাড়িয়েছে।






