বিনোদন

Sholay Re-Release: ৫০ বছর পর আবার বড় পর্দায় ‘শোলে’! কবে মুক্তি পাচ্ছে?

তবে তাঁর ৯০তম জন্মদিনে, ৮ ডিসেম্বর, এই সাড়াজাগানো রি-রিলিজের ঘোষণা করা হয়।

Truth of Bengal: এই বছরটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক বিশেষ বছর। মুক্তি পাওয়ার অর্ধশতক পূর্তি হচ্ছে রমেশ সিপ্পি পরিচালিত কালজয়ী সিনেমা ‘শোলে’র। আর এই বিশেষ বছরেই দর্শকদের জন্য এলো এক দারুণ খবর—আগামী ১২ ডিসেম্বর সারা দেশে ফের মুক্তি পেতে চলেছে ছবিটি। ঘটনাক্রমে, এই বছরের অন্যতম বড় একটি দুঃখজনক খবর হলো, পর্দায় ‘বীরু’ চরিত্রে অভিনয় করা কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণ। তবে তাঁর ৯০তম জন্মদিনে, ৮ ডিসেম্বর, এই সাড়াজাগানো রি-রিলিজের ঘোষণা করা হয়। অপেক্ষার পালা শেষ, ৫০ বছর পর বড় পর্দায় ‘শোলে’ দেখার সুযোগ পাচ্ছেন নতুন ও পুরোনো প্রজন্মের দর্শক। জানা গিয়েছে, আগামী ১২ ডিসেম্বর থেকে দেশজুড়ে শুরু হবে সিনেমাটির প্রদর্শন। পশ্চিমবঙ্গে এই রি-রিলিজের দায়িত্বে রয়েছেন পরিবেশক শতদীপ সাহা। তিনি নিশ্চিত করেছেন যে, শুধু সিঙ্গল স্ক্রিনেই নয়, কলকাতার আইএনওএক্স-এর মতো মাল্টিপ্লেক্সগুলিতেও প্রদর্শিত হবে ছবিটি।

তবে রাজ্যের কোন কোন প্রেক্ষাগৃহে ‘শোলে’ মুক্তি পাচ্ছে, তার সম্পূর্ণ তালিকা এখনও চূড়ান্ত হয়নি। পরিবেশক শতদীপ সাহা জানিয়েছেন, চলতি সপ্তাহের বুধ-বৃহস্পতিবার নাগাদ কলকাতা-সহ রাজ্যের হলগুলির তালিকা প্রকাশ করা হবে।সামনেই বড়দিন। ২৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে একাধিক বিগ বাজেটের বাংলা ছবি। এই পরিস্থিতিতে ‘শোলে’ কতদিন পর্যন্ত প্রেক্ষাগৃহে থাকবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে শতদীপ সাহা জানান, মুক্তির পর ছবিটির ব্যবসার গতিপ্রকৃতি দেখেই বাকিটা ঠিক করা হবে। এই মুহূর্তে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

এছাড়া, সিনেমার সাফল্য বহুলাংশে নির্ভর করে তার শো টাইমিং বা প্রদর্শনের সময়ের উপর। প্রাইম টাইম নিয়ে প্রতিযোগিতা থাকলেও, পরিবেশকের মতে ‘শোলে’র মতো সিনেমার ক্ষেত্রে প্রাইম টাইমকে প্রাধান্য দেওয়া বোকামি হবে। শতদীপ জানান, এখনও শো-টাইমিং নিয়ে কোনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এবং আজ থেকেই এই বিষয়ে কাজ শুরু হচ্ছে। তিনি জোর দেন যে, অনেক দর্শকেরই বড়পর্দায় ‘শোলে’ দেখার সুযোগ হয়নি, তাই সব দিক বিবেচনা করেই এমনভাবে শো-টাইম নির্ধারণ করা হবে যাতে দর্শকরা এই বিরল সুযোগ হাতছাড়া না করেন।