দেশ

জারি লুকআউট নোটিস, মুখ খুললেন গোয়ার নাইটক্লাবের ‘পলাতক’ মালিক

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, শনিবার রাতে ক্লাবে বেলি ডান্স শো চলাকালীন হঠাৎ ডান্স ফ্লোরের ছাদে আগুন লাগে।

Truth Of Bengal: গোয়ার জনপ্রিয় নাইটক্লাব বার্চ বাই রোমিও লেন-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক গোটা দেশে। শনিবার গভীর রাতে উইকএন্ড পার্টি চলাকালীন ক্লাবটিতে আগুন লাগে। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু এবং ৬ জন গুরুতর আহত হওয়ার খবর মিলেছে।দুর্ঘটনার প্রায় ৩৪ ঘণ্টা পরে মুখ খুললেন ক্লাবের মালিক  সৌরভ লুথরা। সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি লেখেন,এই ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই ক্ষতি অপূরণীয়। নিহত ও আহতদের পরিবারের পাশে আমরা আছি।একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক ও আইনি সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, শনিবার রাতে ক্লাবে বেলি ডান্স শো চলাকালীন হঠাৎ ডান্স ফ্লোরের ছাদে আগুন লাগে। ক্লাবের অধিকাংশ কাঠামো কাঠের হওয়ায় আগুন মুহূর্তের মধ্যে পুরো ক্লাবে ছড়িয়ে পড়ে। আতঙ্কে পড়ে যান অতিথিরা। বহু মানুষ বেসমেন্টে আশ্রয় নিতে গিয়ে কালো ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে পড়েন। দমবন্ধ হয়ে মৃত্যু হয় বেশিরভাগেরই।অভিযোগ উঠেছে, ক্লাবে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জরুরি বহির্গমন পথ ছিল না।

ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন মালিক সৌরভ লুথরা। গোয়া পুলিশ তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে। যাতে তিনি দেশ ছাড়তে না পারেন, সে জন্য দেশের সমস্ত বিমানবন্দরকে সতর্কবার্তা পাঠানো হয়েছে।ইতিমধ্যেই ক্লাবের ম্যানেজার-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এ ঘটনায় গোয়ার মুখ্যমন্ত্রী পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। নাইটক্লাবের মালিক ও জিএম-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।উল্লেখ্য, এই ক্লাবের মালিকানায় সৌরভ লুথরার ভাই গৌরব লুথরারও নামও রয়েছে। তাঁর বিরুদ্ধেও লুকআউট নোটিস জারি করা হয়েছে।এই ঘটনা আবারও দেশের বিনোদন কেন্দ্রগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, ক্লাবটি আদৌ বৈধভাবে চলছিল কি না এবং কীভাবে এমন ভয়াবহ অঘটন ঘটল।

Related Articles