রাজ্যের খবর

Purulia Forest: পুরুলিয়ায় পাখিদের ডাক দিতে মাঠা বনাঞ্চলে বসছে পরিবেশবান্ধব কৃত্রিম বাসা

মাঠা বনাঞ্চলের গাছের ডালে ডালে বসানো হচ্ছে পরিবেশবান্ধব কৃত্রিম বাসা।

নয়ন কুইরী, ঝালদা: পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন জেলা পুরুলিয়া। পর্যটন মানচিত্রে প্রথমেই উঠে আসে অযোধ্যা পাহাড়ের নাম। অযোধ্যা পাহাড়কে কেন্দ্র করে ও পার্শ্ববর্তী এলাকায় গড়ে উঠেছে একের পর এক হোটেল, রিসর্ট ও হোমস্টে। পাশাপাশি বন দফতরের উদ্যোগে পর্যটকদের জন্য কটেজ নির্মাণ করা হয়েছে, যার মধ্যে পুরুলিয়া বন বিভাগের মাঠা ফরেস্ট অফিস বিশেষভাবে উল্লেখযোগ্য।

শীত পড়তে না পড়তেই এই বনাঞ্চলে পর্যটক এবং রক ক্লাইম্বিং প্রশিক্ষণার্থীদের ঢল নামে। তবে পর্যটকদের আনাগোনা বাড়ার সঙ্গে সঙ্গে কমে যেতে বসেছে পাখির কিচিরমিচির শব্দ। পর্যটকদের কোলাহল ও বর্ষাকালে ঝড়ের দাপটে বহু পাখির বাসা নষ্ট হয়ে যায়, ফলে পরিযায়ী পাখির সংখ্যাও আগের তুলনায় হ্রাস পেয়েছে।

এই পরিস্থিতিতে পাখিদের নিরাপদ আশ্রয়ের কথা ভেবে বিশেষ উদ্যোগ নিল পুরুলিয়া বন বিভাগ। মাঠা বনাঞ্চলের গাছের ডালে ডালে বসানো হচ্ছে পরিবেশবান্ধব কৃত্রিম বাসা। ক্যামোফ্লেজ রঙের এই বাসাগুলি প্রাকৃতিকভাবেই তৈরি, যাতে পাখিরা সহজে সেখানে আশ্রয় নিতে পারে। বন দফতরের এই উদ্যোগ যেন পরিযায়ী পাখিদের ডাক দিচ্ছে “আয়রে পাখি আয়, মাঠা বনাঞ্চলে আয়।” অন্যদিকে বন্দোপ্তরের এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয়রা।

Related Articles