বিনোদন

বন্যার জলে ভাসছে অসম, গৃহহীন লক্ষ লক্ষ মানুষের পাশে দাঁড়াতে কী করলেন সলমন ?

বাস্তুচ্যুত এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে এবার বড় পদক্ষেপ নিয়েছেন বলিউড সুপারস্টার সলমন খান।

Truth Of Bengal: গত ছয় দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখে পড়েছে অসম। একটানা অতিভারী বর্ষণে রাজ্যের সাতটি জেলা প্রায় জলের তলায়, আর ১৪টি জেলায় এখনও উচ্চ সতর্কতা জারি রয়েছে। এই বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯৫ জন। ভিটেমাটি ও চাষের জমি হারিয়ে নিঃস্ব লক্ষ লক্ষ মানুষ বাধ্য হয়ে দিন কাটাচ্ছেন ত্রাণশিবিরে।

বাস্তুচ্যুত এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে এবার বড় পদক্ষেপ নিয়েছেন বলিউড সুপারস্টার সলমন খান। সম্প্রতি তাঁর সংস্থা ‘বিয়িং হিউম্যান’-এর বিরুদ্ধে ৩ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলার জেরে চণ্ডীগড় আদালত থেকে সমন জারি হলেও, সে সব তোয়াক্কা না করে দুর্গতদের সহায়তায় ঝাঁপিয়ে পড়েছেন অভিনেতা।

সলমন ও তাঁর সংস্থা যে সব উদ্যোগ নিয়েছে, সেগুলির মধ্যে রয়েছে-

  • ত্রাণ সামগ্রী বণ্টন: ‘বিয়িং হিউম্যান’-এর মাধ্যমে ইতিমধ্যেই প্রথম দফায় জরুরি ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। বর্তমানে অভিনেতার নিজস্ব টিম দ্বিতীয় দফার ত্রাণ বিতরণের কাজ চালাচ্ছ।

  • অস্থায়ী বাসস্থান নির্মাণ: অসমে ত্রাণকাজে যুক্ত অভিনেতা রণদীপ হুডা ও স্বেচ্ছাসেবী সংস্থা ‘গ্লোবাল শিখস’-এর প্রধান অমরপ্রীত সিংয়ের সঙ্গে যোগাযোগ করেন সলমন। তাঁদের পরিকল্পনা অনুযায়ী, জল-প্রতিরোধী বাঁশ ও টিনের তৈরি অস্থায়ী বাড়ি তৈরিতে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি।

  • ‘নেপালি খুঁটি’ গ্রামে পুনর্বাসন: সংস্থার যৌথ উদ্যোগে অসমের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ‘নেপালি খুঁটি’ গ্রামে ইতিমধ্যেই ২২০টি অস্থায়ী বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে।

  • ৫০০টি বাড়ি তৈরির প্রতিশ্রুতি: প্রতি বাড়ি তৈরিতে আনুমানিক ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচের কথা জানতে পেরে, সলমন অবিলম্বে এমন ৫০০টি স্থায়ী-অস্থায়ী বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে অসমে বন্যার জল কিছুটা নামতে শুরু করলেও হাজার হাজার মানুষ এখনও গৃহহীন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, রাজ্য সরকার দুর্গতদের দ্রুত ঘরে ফেরানো ও পুনর্বাসনের জন্য রোডম্যাপ তৈরি করছে। সরকারের এই প্রচেষ্টার পাশেই সলমন খানের তিন দফার এই পুনর্বাসন উদ্যোগ বানভাসি মানুষের মুখে নতুন আশার আলো দেখাচ্ছে।