১২৫ দিনের কাজে ভুয়ো জব কার্ডের বিরুদ্ধে কড়া অভিযান, অবৈধ চিহ্নিত ২১ লক্ষের বেশি কার্ড
নবান্ন সূত্রের খবর, রাজ্যে মোট ২ কোটি ৫৬ লক্ষ জব কার্ডের মধ্যে ইতিমধ্যেই প্রায় ৮০ শতাংশের ই-কেওয়াইসি ও ডিজিটাল ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে
Truth of Bengal: ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার জব কার্ডের ডিজিটাল যাচাই ও ই-কেওয়াইসি প্রক্রিয়ায় বড়সড় অভিযান শুরু করেছে। নবান্ন সূত্রের খবর, রাজ্যে মোট ২ কোটি ৫৬ লক্ষ জব কার্ডের মধ্যে ইতিমধ্যেই প্রায় ৮০ শতাংশের ই-কেওয়াইসি ও ডিজিটাল ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে। সেই যাচাইয়ে ২১,০০,৪৫২টি জব কার্ডকে অবৈধ বা অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।এর মধ্যে ইতিমধ্যেই ১৫,৬৪,৭১৩টি জব কার্ড বাতিল করা হয়েছে। বাকি কার্ডগুলির বিরুদ্ধেও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। রাজ্যের দাবি, ই-কেওয়াইসি এবং ডিজিটাল যাচাইয়ের মাধ্যমে ভুয়ো, ডুপ্লিকেট ও অযোগ্য জব কার্ডগুলি শনাক্ত করা সম্ভব হয়েছে।
জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি জব কার্ড বাতিল হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়, যেখানে ডিলিট হয়েছে ৩,৪০,৪৬৯টি কার্ড। এরপর রয়েছে হুগলি ১,৫৪,৪৬৩, হাওড়া ১,৩৩,৮৩২, পূর্ব মেদিনীপুর ১,১৭,২৮১ এবং দক্ষিণ দিনাজপুর ১,০৪,২১৩।প্রশাসনের দাবি, অতীতে একই ব্যক্তির নামে একাধিক জব কার্ড থাকার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই ডিজিটাল যাচাই আরও কঠোর করা হয়েছে, যাতে প্রকৃত উপভোক্তাদের কাছেই সরকারি সুবিধা পৌঁছায়।উল্লেখ্য, চলতি বছরের ১ জুলাই থেকে রাজ্যে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্প চালু হওয়ার পর নতুন নিয়ম অনুযায়ী শুধুমাত্র বৈধ ও ডিজিটালভাবে যাচাইকৃত জব কার্ডধারীরাই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ভুয়ো ও অবৈধ জব কার্ড চিহ্নিত করে বাতিলের বিশেষ অভিযান শুরু করে।






