ফুল-চকোলেট নয়, শিল্পাকে ভ্যালেন্টাইনস ডে-তে ৮২ কোটির উপহার রাজের
সাক্ষাৎকারে রাজ দাবি করেন, তিনি যখন ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগ করেছিলেন, তখন রাজস্থান রয়্যালসের বাজারমূল্য ছিল প্রায় ৭০০ কোটি টাকা।
Truth of Bengal: বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির জন্য ভ্যালেন্টাইন্স ডে-তে বিশেষ উপহার কিনেছিলেন স্বামী রাজ কুন্দ্রা। সেই উপহার ছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস-এর অংশীদারিত্ব। সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে এই তথ্য নিজেই জানিয়েছেন রাজ কুন্দ্রা। রাজ জানান, ২০০৯ সালে তিনি প্রায় ৮২ কোটি টাকা খরচ করে রাজস্থান রয়্যালসে অংশীদারিত্ব কিনেছিলেন। তাঁর কথায়, শিল্পার জনপ্রিয়তা এবং নিজের বিনিয়োগ— এই দুইয়ের সমন্বয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেন, “এটি ছিল শিল্পার জন্য আমার ভ্যালেন্টাইন্স ডে-র উপহার।”
সাক্ষাৎকারে রাজ দাবি করেন, তিনি যখন ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগ করেছিলেন, তখন রাজস্থান রয়্যালসের বাজারমূল্য ছিল প্রায় ৭০০ কোটি টাকা। বর্তমানে সেই মূল্য বেড়ে প্রায় ১৬ হাজার কোটি টাকায় পৌঁছেছে বলেও তাঁর দাবি। আলোচনার সময় ২০১৩ সালের আইপিএল বেটিং বিতর্ক নিয়েও মুখ খোলেন রাজ কুন্দ্রা। তিনি জানান, প্রায় পাঁচ থেকে ছয় বছর দলের সঙ্গে যুক্ত থাকার পর তাঁর বিরুদ্ধে বেটিংয়ের অভিযোগ ওঠে। সেই ঘটনার পর ২০১৫ সালে সুপ্রিম কোর্ট নিযুক্ত বিচারপতি লোধা কমিটির সুপারিশে তাঁকে আজীবনের জন্য ক্রিকেট-সংক্রান্ত সব ধরনের কার্যকলাপ থেকে নিষিদ্ধ করা হয়। পাশাপাশি রাজস্থান রয়্যালসকে ২০১৬ ও ২০১৭— এই দুই মরশুম আইপিএল থেকে নির্বাসিত করা হয়েছিল। রাজের দাবি, যে ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা ছিল অত্যন্ত সামান্য বিষয়। তাঁর কথায়, বন্ধুদের মধ্যে মজা করে অল্প টাকার বাজি ধরার মতো কথোপকথনকেই বেআইনি বেটিং হিসেবে ধরা হয়েছিল। তিনি আরও জানান, বিষয়টি এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন।
আইপিএলের ব্যবসায়িক দিক নিয়েও নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন রাজ কুন্দ্রা। তাঁর দাবি, টুর্নামেন্টের প্রথম পাঁচ-ছয় বছরে ফ্র্যাঞ্চাইজিগুলির উল্লেখযোগ্য লাভ হতো না। অনেক ক্ষেত্রেই অতিরিক্ত বিনিয়োগ করতে হতো। তবে বর্তমানে সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ এবং টিকিট বিক্রির আয় মিলিয়ে আইপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বছরে কয়েকশো কোটি টাকা লাভ করছে বলেও দাবি করেন তিনি। রাজ কুন্দ্রার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে ক্রিকেট ও বিনোদন মহলে। তবে তাঁর করা মূল্যায়ন এবং আর্থিক পরিসংখ্যানের স্বাধীনভাবে সরকারি বা আইপিএল কর্তৃপক্ষের তরফে কোনও নিশ্চিতকরণ পাওয়া যায়নি।






