সানিয়া-সাইনাকে নিয়ে মন্তব্যে বিতর্ক! শেষমেশ ক্ষমা চাইলেন মেরি কম
পরে তাঁর দলের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে।
Truth of Bengal: হিন্দি রিয়ালিটি শো ‘বিগ বস ২০’-তে মন্তব্য করে বিতর্কে জড়ালেন ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম। সানিয়া মির্জা ও সাইনা নেহওয়ালের সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে নিজের অর্জনের সঙ্গে তুলনা টানায় সমালোচনার মুখে পড়েন তিনি। পরে তাঁর দলের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে।
শো-তে ভারতের মহিলা ক্রীড়াবিদদের সাফল্য নিয়ে আলোচনার সময় মেরি বলেন, সানিয়া ও সাইনা ভালো করেছেন, তবে তাঁর মতো সাফল্য তাঁদের নেই। এই মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিতর্ক। অনেকের মতে, এই তুলনায় অন্য দুই তারকার কৃতিত্বকে ছোট করে দেখা হয়েছে।
এরপর মেরির দলের পক্ষ থেকে জানানো হয়, কাউকে ছোট করা বা আঘাত করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা সমস্ত ক্রীড়াবিদের প্রতিই তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে বলেও স্পষ্ট করা হয়েছে।
মেরি কম অলিম্পিক্স পদকজয়ী এবং ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন। অন্যদিকে সানিয়া মির্জা ছ’টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, আর সাইনা নেহওয়াল অলিম্পিক্স ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন। ফলে তিন তারকার তুলনা ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক।





