মণিপুরে ফের বন্দুকের গর্জন, কুকি অধ্যুষিত গ্রামে মৃ*ত্যু ৪ জনের
দুই গ্রামে হামলার ঘটনায় উত্তেজনা ছড়ায়।
Truth of Bengal: তিন বছর পরও পুরোপুরি শান্ত হয়নি মণিপুর। রবিবার ফের তামেংলং জেলার কুকি অধ্যুষিত দুই গ্রামে হামলার ঘটনায় উত্তেজনা ছড়ায়। অজ্ঞাতপরিচয় সশস্ত্র হামলাকারীদের গুলিতে ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু। আরও এক মহিলা নিখোঁজ বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ভোররাতে তোলেন গ্রামে একটি বাড়িতে ঢুকে এক দম্পতি ও তাঁদের ৬ বছরের ছেলেকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হাসপাতালে নিয়ে গেলে দম্পতির মৃত্যু হয়। শিশুটি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। কয়েক ঘণ্টা পর লংপি গ্রামেও হামলা হয়। সেখানে গুলিতে ২ জনের মৃত্যু হয় এবং এক মহিলা নিখোঁজ হন।
কুকি সংগঠনগুলির একাংশ হামলার নেপথ্যে সশস্ত্র নাগা গোষ্ঠীর হাত থাকার অভিযোগ তুলেছে। তবে সেই অভিযোগের স্বাধীন নিশ্চিতকরণ হয়নি। ঘটনার পর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
হামলার নিন্দা করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচন্দ সিং। শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে তিনি বলেছেন, নিরীহ মানুষের উপর হামলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
উল্লেখ্য, ১৩ সেপ্টেম্বর কুকি সম্প্রদায়ের একাংশ ‘ব্ল্যাক ডে’ হিসেবে পালন করে। ১৯৯০-এর দশকের কুকি-নাগা সংঘর্ষে নিহতদের স্মরণেই দিনটি পালিত হয়। সেই আবহের মধ্যেই নতুন করে হামলার ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে।






