Chhannulal Mishra: থামল পণ্ডিত ছান্নুলাল মিশ্রের সুরের সফর, শোকস্তব্ধ বেনারস ঘরাণা
বৃহস্পতিবার ভোররাতে বারাণসীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Truth of Bengal: দশমীর দিন সকালে ভারতীয় সঙ্গীতজগতে আছড়ে পড়ল এক দুঃসংবাদ। প্রয়াত হলেন কিংবদন্তি ধ্রুপদী সঙ্গীতশিল্পী পণ্ডিত ছান্নুলাল মিশ্র। বৃহস্পতিবার ভোররাতে বারাণসীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ঠুমরি গানের এক অন্যতম দিকপাল হিসেবে তিনি ভারতীয় সঙ্গীতদুনিয়ায় এক বিশিষ্ট স্থান অধিকার করেছিলেন। তাঁর কন্যা নম্রতা মিশ্র সংবাদমাধ্যমকে বাবার প্রয়াণের খবর নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিল রোগ এবং শারীরিক অসুস্থতায় ভুগছিলেন শিল্পী (Chhannulal Mishra)।
১৯৩৬ সালের ৩ আগস্ট উত্তরপ্রদেশের হরুহরপুরে জন্মগ্রহণ করেন এই মহান শিল্পী। তাঁর বাবা বদ্রীনাথ মিশ্রও ছিলেন একজন সঙ্গীতজ্ঞ এবং বাবার কাছেই তাঁর সঙ্গীতের হাতেখড়ি। পরবর্তীতে তিনি কিরানা ঘরানার উস্তাদ আবদুল ঘনি খান এবং ঠাকুর জয়দেব সিংয়ের কাছে তালিম নেন। হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের এক অন্যতম স্তম্ভ ছিলেন পণ্ডিত ছান্নুলাল মিশ্র। বিশেষত খেয়াল এবং পূরব রাগ ঠুমরীতে তাঁর অগাধ পাণ্ডিত্য ভারতীয় সঙ্গীতকে বিশেষ সমৃদ্ধ করেছে। তাঁর সুরেলা কণ্ঠ ও শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি গভীর নিষ্ঠা তাঁকে সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় করে রাখবে (Chhannulal Mishra)।
জানা যায়, দীর্ঘদিন ধরেই তিনি কিডনি জনিত সমস্যা, সুগার, হাইপারটেনশন, অস্টিওআর্থারাইটিস, বিপিএইচ এবং এআরডিএস-এর মতো একাধিক জটিল রোগে ভুগছিলেন। দিন কয়েক আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যদিও চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। কিন্তু বৃহস্পতিবার ভোররাতে তিনি ইহলোকের মায়া ত্যাগ করেন। এই মহান শিল্পীর প্রয়াণে ভারতীয় সঙ্গীতজগৎ আজ শোকস্তব্ধ। তাঁর অসামান্য অবদানের জন্য তিনি একাধিক সম্মানে ভূষিত হয়েছেন: সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার (২০০০), পদ্মভূষণ (২০১০), পদ্মবিভূষণ (২০২০) (Chhannulal Mishra)।






