কলকাতা

বিজয়া দশমীতেও গান পোস্ট করলেন মুখ্যমন্ত্রী, কণ্ঠে জিৎ গাঙ্গুলী

পুজোতে ১৭টি গান প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

Truth Of Bengal: বিজয়া দশমীতেও নতুন গান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানটির কথা ও সুর করেছেন মুখ্যমন্ত্রী নিজেই। কণ্ঠ দিয়েছেন গায়ক জিৎ গাঙ্গুলী।

শুক্রবার মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেল ও ফেসবুক প্রোফাইলে গানটির ভিডিও পোস্ট করেন। পোস্টে তিনি গান থেকে একটি লাইন উদ্ধৃত করেছেন- “এক মুঠো ফুল দাও না মাগো, এক মুঠো ফুল দাও…”। পাশাপাশি রাজ্যবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “সকলকে জানাই বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং জিৎ গাঙ্গুলীর গাওয়া আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।”

এবছর দুর্গাপুজোর প্রতিটি তিথিতে রাজ্যবাসীকে নিজের লেখা ও সুর করা গান প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, চলতি বছরে তাঁর লেখা ও সুর করা মোট ১৭টি গান প্রকাশিত হয়েছে।

সাহিত্য চর্চাতেও নিয়মিত সক্রিয় মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তাঁর প্রায় দেড় হাজার কবিতা প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।বিজয়া দশমীর আবহে রাজ্যবাসীর উদ্দেশে এই নতুন গান প্রকাশের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী আবারও পুজোর আবহকে বিশেষভাবে স্মরণ করলেন।

Related Articles