জল্পনার অবসান! নিজের অবসর ও নেপথ্যের কারণ নিয়ে মুখ খুললেন অরিজিৎ সিং
সেখানেই এক অনুরাগীর প্রশ্নের উত্তরে তিনি জানান, এই সিদ্ধান্তটি তিনি বেশ কিছুদিন ধরেই নেওয়ার পরিকল্পনা করছিলেন।
Truth Of Bengal: সাফল্যের শিখরে থাকাকালীনই প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিজের দীর্ঘ সফর থামানোর ইঙ্গিত দিলেন অরিজিৎ সিং। মঙ্গলবার রাতে জিয়াগঞ্জের এই ভূমিপুত্রের এমন সিদ্ধান্তে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে বলিউড থেকে টলিউড। বলিউডের এক নম্বর গায়কের এই আকস্মিক প্রস্থান কেন, তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মুখ খুললেন শিল্পী স্বয়ং।
সম্প্রতি নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে ভক্তদের মুখোমুখি হয়েছিলেন অরিজিৎ। সেখানেই এক অনুরাগীর প্রশ্নের উত্তরে তিনি জানান, এই সিদ্ধান্তটি তিনি বেশ কিছুদিন ধরেই নেওয়ার পরিকল্পনা করছিলেন। অরিজিতের কথায়, “আমার খুব দ্রুত একঘেয়েমি চলে আসে। সেই কারণেই আমি বারবার গানের ধরন বা স্টেজে পারফর্ম করার ভঙ্গি বদলে ফেলি।”

তিনি আরও জানান, তিনি এখন নতুন কোনও প্রতিভার খোঁজ করছেন, যাঁর কাজ দেখে তিনি নিজে পুনরায় অনুপ্রেরণা পেতে পারেন। অর্থাৎ, সৃজনশীলতার স্থবিরতা কাটিয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতেই তিনি প্লেব্যাক থেকে দূরে সরার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
অরিজিতের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংগীত মহলের একাংশ। তাঁদের মতে, বর্তমান বলিউডে যে কোনো ছবির বাণিজ্যিক সাফল্যের জন্য অরিজিতের গান অনেকটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছিল। ফলে তাঁর গায়কির যে বৈচিত্র্য, তা কোথাও একটা বাণিজ্যিক ছকে আটকা পড়ে যাচ্ছিল। নিজের শিল্পীসত্তাকে সেই একঘেয়েমি থেকে মুক্ত করতেই এই কঠিন সিদ্ধান্ত বলে মনে করছেন বোদ্ধারা।
তবে মাইক্রোফোন ছাড়লেও বিনোদন জগৎ থেকে তিনি সরছেন না বলেই খবর। শোনা যাচ্ছে, এবার পরিচালনার ময়দানে নামতে চলেছেন অরিজিৎ। প্রযোজক মহাবীর জৈনের সঙ্গে একটি বড় বাজেটের অ্যাডভেঞ্চার ছবি নিয়ে তাঁর কাজ করার গুঞ্জন শোনা যাচ্ছে। অর্থাৎ, সুরের সফর থেকে বিরতি নিলেও রূপালি পর্দার নেপথ্যে কোনো বড় চমক দিতেই কি এই প্রস্তুতি? এখন এটাই দেখার।






