বিনোদন

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১০ বছর ধরে পরিচারিকাকে ধর্ষণ! গ্রেফতার অভিনেতা নাদিম খান

৪১ বছর বয়সী এক মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ এই পদক্ষেপ নিয়েছে।

Truth Of Bengal: পরিচারিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ ১০ বছর ধরে ধর্ষণের অভিযোগে মুম্বই থেকে গ্রেফতার করা হলেন অভিনেতা নাদিম খান। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এ অভিনয় করা এই অভিনেতাকে গত ২২ জানুয়ারি গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।

৪১ বছর বয়সী এক মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ এই পদক্ষেপ নিয়েছে। ওই মহিলা পেশায় পরিচারিকা। তিনি পুলিশকে জানিয়েছেন, গত কয়েক বছর ধরে তিনি বিভিন্ন বলি-তারকাদের বাড়িতে কাজ করেছেন। সেই সূত্রেই নাদিম খানের সঙ্গে তাঁর পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়।

অভিযোগকারিণীর দাবি, নাদিম তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই আশ্বাসের সুযোগ নিয়ে গত ১০ বছর ধরে মুম্বইয়ের মালবানি এবং ভারসোভার বাসভবনে বহুবার তাঁকে ধর্ষণ করা হয়েছে। সম্প্রতি অভিনেতা ওই মহিলাকে বিয়ে করতে অস্বীকার করলে তিনি আইনের দ্বারস্থ হন।

প্রথমে ভারসোভা থানায় অভিযোগ দায়ের করা হলেও, প্রাথমিক নির্যাতনের ঘটনাটি মালবানি থানা এলাকার অন্তর্গত হওয়ায় পুলিশ ‘জিরো এফআইআর’ (Zero FIR) দায়ের করে মামলাটি সংশ্লিষ্ট থানায় স্থানান্তরিত করেছে। রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ ছবিতে নাদিম খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।

Related Articles