বৃহস্পতিবার সন্ধ্যায় টলিপাড়ায় বাজল বিয়ের সানাই, সাত পাকে বাঁধা পড়লেন আদৃত ও কৌশাম্বি
Adrit Kaushambi Marriage

The Truth of Bengal: বৃহস্পতিবার সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়লেন ‘মিঠাই’ ধারাবাহিকের ‘উচ্ছেবাবু’ অর্থাৎ আদৃত রায় এবং কৌশাম্বি চক্রবর্তী। কৌশাম্বিও এই ধারাবাহিকের অন্যতম চরিত্র ছিলেন। ‘মিঠাই’ চলাকালীনই প্রেম জমাট বাঁধে দু’জনের। গতকাল চারহাত এক হয় তাঁদের। বৃহস্পতিবার সকালেই সমাজমাধ্যমে আদৃত-কৌশাম্বীর গায়েহলুদের অনুষ্ঠানের ছবি ভাইরাল হয়। সন্ধ্যায় প্রকাশ্যে এল বিয়ের ছবি।
হাওড়ার একটি ব্যাঙ্কোয়েটে বসেছিল তাঁদের বিয়ের আসর। বিয়ের সাজে ছিল সাবেকিয়ানার ছোঁয়া। সন্ধ্যায় লাল বেনারসিতে সেজেছিলেন কৌশাম্বি। তাঁর গা-ভর্তি সোনার গয়না। মাথায় লাল ওড়না। নাকে নথ। সব মিলিয়ে কৌশাম্বিকে লাগছিল দারুণ। অন্যদিকে, আদৃত পরেছিলেন হলুদ পাঞ্জাবি। অগোছালো চুলের ওপর টোপর। এই ছবিও হাজির এখন সোশাল মিডিয়ায়।
প্রসঙ্গত, আদৃত বা কৌশাম্বী শুরু থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব একটা মুখ খোলেননি। চলতি বছরের ১ জানুয়ারি কৌশাম্বী প্রথম দু’জনের একসঙ্গে তোলা একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন। সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা জানান। তার পরেই টলিপাড়ায় দু’জনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। কানাঘুষোতে শোনা যাচ্ছিল তাঁদের বিয়ে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ৯মে বৃহস্পতিবার সন্ধেয় কৌশাম্বির গলায় মালা দিলেন আদৃত। তাঁদের শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন টলিপাড়ার অনেকেই। নবদম্পতিকে জানালেন শুভেচ্ছা।






