কলকাতারাজনীতি

দুর্ঘটনার পর প্রথম সোশ্যাল মিডিয়ায় মমতা, ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী সহ রাজনৈতিক নেতৃত্বকে

Mamata on social media thanked the political leadership including the Prime Minister

The Truth of Bengal: পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। কপালে ও নাকে চারটি সেলাই পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা-নেত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেন তাঁরা। দুর্ঘটনার পর প্রথম সমাজ মাধ্যমে নিজে সামনে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব কে পাশে থাকার জন্য ধন্যবাদ জানালেন। যেভাবে রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করেছেন, পাশে থেকেছেন, তাতে কৃতজ্ঞ মমতা। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন মমতা। রক্তক্ষরণ হয় তাঁর কপাল থেকে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। একাধিক পরীক্ষা করা হয়। রাতেই ব্যান্ডেজ মাথায় বাড়ি ফিরে এসেছিলেন মুখ্যমন্ত্রী।

শুক্রবার তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করেন। তাঁকে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। লোকসভা নির্বাচন সামনে। তাই কোনমতেই বেশি দিন ঘরে বসে থাকতে নারাজ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার খবর পেয়ে উৎকণ্ঠা দেখা যায় দেশের রাজনীতিবিদদের মধ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রথম সারির নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার তাদের পাল্টা ধন্যবাদ জানালেন।

Related Articles