দেশ

“ঘোর অন্যায় হয়েছে!” নিটের প্রশ্নফাঁস নিয়ে আড়াই মাস পর অবশেষে নিরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী মোদি

লক্ষ লক্ষ পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নিয়েছিলেন

Truth of Bengal: নিটের প্রশ্নফাঁস ঘিরে দেশজুড়ে চলা আন্দোলন ও বিক্ষোভের মধ্যে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দু’মাসেরও বেশি সময় পর প্রশ্নফাঁসের ঘটনাকে ‘ঘোর অন্যায়’ এবং ‘পাপ’ বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। গত ৩ মে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। কিন্তু কয়েক দিনের মধ্যেই প্রশ্নফাঁসের অভিযোগ প্রকাশ্যে আসায় দেশজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়। পরিস্থিতির চাপে পরীক্ষা বাতিল করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। ঘটনার পর হতাশা ও অনিশ্চয়তায় বহু পড়ুয়া চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও জোরালো হতে থাকে।

নিটকাণ্ডের প্রতিবাদে পথে নামে ছাত্রসমাজ। শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে টানা ২৪ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। সোমবার সংসদ অভিযানে যোগ দেন ককরোচ জনতা পার্টির বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। এতদিন এই ইস্যুতে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছিল বিরোধীরা। মঙ্গলবার এনডিএর সংসদীয় দলের বৈঠকে নিট প্রশ্নফাঁস প্রসঙ্গে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রশ্নফাঁসের ঘটনা অত্যন্ত গুরুতর অপরাধ। বিষয়টি সামনে আসার পরই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করেছে বলেও দাবি করেন তিনি। ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জন অভিযুক্তকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।

সংসদীয় মন্ত্রী কিরেণ রিজিজু জানিয়েছেন, পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী এবং সেই অনুযায়ী তদন্ত ও আইনি প্রক্রিয়া এগিয়ে চলছে বলেও দাবি করেন তিনি।

Related Articles