রবিবার কলকাতা মেট্রোয় বড় বদল, ব্লু লাইনে ৯ ঘণ্টা বন্ধ একাংশ
শুক্রবার কলকাতা মেট্রোর তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
কলকাতা মেট্রোয় ফের পাওয়ার ব্লক ও রক্ষণাবেক্ষণের কাজ। আগামী ১ নভেম্বর রবিবার ব্লু লাইনে আংশিক পরিষেবা মিলবে। ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত আপ ও ডাউন লাইনে পরিষেবা চালু থাকবে। গোটা রুটে মেট্রো পরিষেবা স্বাভাবিক হতে সন্ধ্যা ৬টা পেরিয়ে যাবে।
শুক্রবার কলকাতা মেট্রোর তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী রবিবার মহানায়ক উত্তমকুমার ও নেতাজি মেট্রো স্টেশনে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণে ব্লু লাইনে সম্পূর্ণ রুটে মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।
রবিবার দক্ষিণেশ্বর থেকে সকাল ৯টায় দিনের প্রথম মেট্রো ছাড়বে। ময়দান থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টা ১৫ মিনিটে। তবে ইয়েলো লাইন, অর্থাৎ জয়হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া এবং গ্রিন লাইন, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা স্বাভাবিক থাকবে। অরেঞ্জ ও পার্পল লাইনে রবিবার নিয়মমাফিক মেট্রো চলবে না।
কলকাতা মেট্রোর ব্লু লাইনে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন। রবিবার ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দীর্ঘ অংশে পরিষেবা বন্ধ থাকায় যাত্রীদের অসুবিধায় পড়তে হতে পারে। বিকল্প রুটেও ভিড় বাড়ার আশঙ্কা রয়েছে। তবে মেট্রো কর্তৃপক্ষের দাবি, রবিবার তুলনামূলকভাবে যাত্রীসংখ্যা কম থাকায় ওই দিনটিকেই রক্ষণাবেক্ষণের কাজের জন্য বেছে নেওয়া হয়েছে।






