যাত্রীদের জন্য বাম্পার খবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ সফল ট্রায়াল রান মেট্রোর
বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সম্প্রসারিত অংশে সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে
Truth of Bengal: মহালয়ার দিন কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের যাত্রীদের জন্য এল বড় সুখবর। শনিবার বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সম্প্রসারিত অংশে সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী ডিসেম্বরেই কবি সুভাষ বা নিউ গড়িয়া থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হতে পারে। নতুন এই অংশে পড়বে গৌরকিশোর ঘোষ, নলবন এবং সেক্টর ফাইভ স্টেশন। পরিষেবা চালু হলে দক্ষিণ কলকাতা ও সংলগ্ন এলাকা থেকে সল্টলেকের তথ্যপ্রযুক্তি কেন্দ্রে যাতায়াত অনেক সহজ হবে। বিশেষ করে সেক্টর ফাইভে কর্মরত হাজার হাজার মানুষের দৈনিক যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমতে পারে।
তবে সফল ট্রায়াল রানই শেষ ধাপ নয়। যাত্রী পরিষেবা শুরুর আগে রেলওয়ে সেফটি কমিশনারের প্রয়োজনীয় পরিদর্শন ও ছাড়পত্র পেতে হবে। সেই অনুমোদন মিললেই বাণিজ্যিক পরিষেবা চালুর পথ পরিষ্কার হবে। প্রায় আড়াই বছর ধরে চিংড়িঘাটা অংশের জটিলতার কারণে অরেঞ্জ লাইনের সম্প্রসারণের কাজ আটকে ছিল। পরে সেই সমস্যা কাটিয়ে দ্রুত গতিতে কাজ শুরু হয়। মাত্র ৯০ দিনের মধ্যে চিংড়িঘাটার প্রায় ৩৬৬ মিটার অংশ এবং সংলগ্ন লাইনের প্রয়োজনীয় কাজ শেষ করা হয়েছে বলে জানা গিয়েছে।
কাজ সম্পূর্ণ হওয়ার পরই শনিবার বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রো চালানো হয়। ট্রায়াল সফল হওয়ায় এখন বড়দিনকে সামনে রেখে যাত্রী পরিষেবা চালুর প্রস্তুতি শুরু হতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ ডিসেম্বর নিউ গড়িয়া থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার অংশে যাত্রী পরিষেবা চালু রয়েছে। সেক্টর ফাইভ পর্যন্ত সম্প্রসারণ হলে এই লাইনের কার্যকর দৈর্ঘ্য ১৫ কিলোমিটারেরও বেশি হয়ে যাবে।






