বদরীনাথ থেকে ফেরার পথে ভেঙে পড়ল যাত্রিবাহী হেলিকপ্টার!
প্রাথমিক তথ্য অনুযায়ী, জোশীমঠের হাথি পর্বতের পিছনে ছায়ি গ্রামের কাছে কপ্টারটি ভেঙে পড়ে থাকতে পারে।
বদরীনাথ থেকে ফেরার পথে উত্তরাখণ্ডের চমোলি জেলার জোশীমঠ এলাকায় একটি যাত্রিবাহী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। টানা বৃষ্টি ও ঘন মেঘের মধ্যে দিয়ে যাওয়ার সময় কপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি হেলিকপ্টারটি ভেঙে পড়ার খবর জানান।
প্রাথমিক তথ্য অনুযায়ী, জোশীমঠের হাথি পর্বতের পিছনে ছায়ি গ্রামের কাছে কপ্টারটি ভেঙে পড়ে থাকতে পারে। ওই হেলিকপ্টারে পাঁচ জন যাত্রী ও এক জন পাইলট ছিলেন। দুপুর ১টা ১৪ মিনিট নাগাদ বদরীনাথ থেকে উড়েছিল কপ্টারটি। ছ’জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
জোশীমঠের এসডিএম চন্দ্রশেখর বশিষ্ঠ জানিয়েছেন, সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে। পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরাও ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।
সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী ধামি জানান, জেলা প্রশাসন ও এসডিআরএফ যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে। তিনি নিজে পরিস্থিতির উপর নজর রাখছেন এবং গুরুতর আহতদের এয়ারলিফ্ট করে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।
প্রতিকূল আবহাওয়া, অবিরাম বৃষ্টি ও দৃশ্যমানতা কম থাকার কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। উত্তরাখণ্ডের সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি জানিয়েছে, হেলিকপ্টারটি ছিল ট্রান্স ভারত অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের।
উল্লেখ্য, অক্টোবরের শুরুতেও উত্তরাখণ্ডে দু’টি যাত্রিবাহী হেলিকপ্টারকে খারাপ আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করাতে হয়েছিল। সাম্প্রতিক দুর্ঘটনায় ফের পাহাড়ি এলাকায় হেলিকপ্টার চলাচলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।






