দেশ

বৃষ্টির দাপটে ফের বিপর্যস্ত সিকিম, বন্ধ রাস্তা, অনিশ্চয়তায় পর্যটকেরা

প্রশাসনের স্পষ্ট নির্দেশ, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেউ ঝুঁকি নিয়ে যাত্রা করবেন না।

Truth of Bengal: একদিকে প্রবল দাবদাহে যখন পুড়ছে দক্ষিণবঙ্গ, তখন আকাশ যেন থামার নাম নিচ্ছে না উত্তরবঙ্গ-সহ সিকিমে। টানা প্রবল বর্ষণে আবারও বিপর্যয়ের মুখে সিকিমের বিস্তীর্ণ এলাকা। পাহাড়ি নদী-ঝোরা ফুলেফেঁপে ওঠায় একের পর এক রাস্তা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, আটকে গিয়েছেন বহু পর্যটক। প্রশাসনের তরফে জারি করা হয়েছে সতর্কতা।

শনিবার বিকেল থেকে উত্তর সিকিমের পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করে। মেয়ং খোলার জল বেড়ে যাওয়ায় মঙ্গন-চুংথাং সড়ক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। দুই দিক থেকেই যানবাহন ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের স্পষ্ট নির্দেশ, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেউ ঝুঁকি নিয়ে যাত্রা করবেন না।

শুধু এই একটি রাস্তা নয়, প্রবল বৃষ্টির জেরে ফি খোলার জলস্তরও বিপজ্জনকভাবে বাড়তে শুরু করেছে। ফলে ফিডাং গ্রামের কাছে লোয়ার জংগু রোডও বন্ধ করে দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় চলাচল কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।

অন্যদিকে তিস্তার জলস্তর বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। গ্যাংটক সংলগ্ন এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এর প্রভাব পৌঁছেছে কালিম্পংয়ের তিস্তা বাজার পর্যন্ত। নদীর ধারের বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়তে শুরু করেছেন।

প্রশাসনের আশঙ্কা, বৃষ্টি চলতে থাকলে হড়পা বান ও ভূমিধসের ঝুঁকি আরও বাড়বে। তাই আপাতত পাহাড়ে ভ্রমণের চেয়ে নিরাপত্তাকেই অগ্রাধিকার দেওয়ার আবেদন করা হয়েছে।

Related Articles