“মোদিজি বিষ্ণুর শেষ অবতার কল্কি!”, প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসায় ভুটানের প্রধানমন্ত্রী
"বিশৃঙ্খলা দূর করে ধর্ম প্রতিষ্ঠা করছেন মোদি!", ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রনেতা শেরিং তোবগে
Truth of Bengal: সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের নিরিখে বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী রাষ্ট্রনেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সরকার প্রধান হিসেবে তাঁর ২৫ বছরের নিরবচ্ছিন্ন ও সফল প্রশাসনিক কার্যকালের ঐতিহাসিক মাইলফলক পূর্তিতে বিশ্বজুড়ে শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে। তবে সমস্ত প্রশংসাকে ছাপিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে শোরগোল ফেলে দিল প্রতিবেশী রাষ্ট্র ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের বিশেষ বক্তব্য। ভারতের প্রধানমন্ত্রীকে নিজের ‘বড় ভাই’ হিসেবে সম্বোধন করার পাশাপাশি তাঁকে ভগবান বিষ্ণুর দশম তথা শেষ অবতার ‘কল্কি’-র সঙ্গে তুলনা করলেন তোবগে।
হিন্দুস্তান টাইমস-এ লেখা একটি বিশেষ প্রতিবেদনে প্রধানমন্ত্রী মোদির সাহস, প্রজ্ঞা, দূরদর্শিতা এবং আন্তর্জাতিক কূটনীতির ভূয়সী প্রশংসা করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তিনি উল্লেখ করেন, নরেন্দ্র মোদির নেতৃত্বেই ভারত ‘গ্লোবাল সাউথ’-এর জোরালো কণ্ঠস্বর হিসেবে বিশ্বমঞ্চে উঠে এসেছে। জি-২০ সম্মেলনে আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্যপদ দেওয়া থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ‘প্রতিবেশী প্রথম’ নীতি বাস্তবায়নে মোদির ভূমিকা অনস্বীকার্য।
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা ও আত্মিক সম্পর্কের কথা স্মরণ করে তোবগে লেখেন, “আজ প্রধানমন্ত্রী মোদি সরকার প্রধান হিসেবে সফল ২৫ বছর পূর্ণ করায় আমার ২০১৯ সালের সেই বিশেষ কথোপকথনের কথা মনে পড়ছে। ২০২৪ সালের মার্চে যখন আমি পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দিল্লিতে তাঁর সঙ্গে দেখা করতে আসি, তখনও সেই উষ্ণতা অনুভব করেছি। পাঁচ বছর আগেই আমি আমার বড় ভাইকে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে দেখার কথা বলেছিলাম।”
ভুটানের প্রধানমন্ত্রীর মতে, বর্তমান পৃথিবীর নানাবিধ রাজনৈতিক বিশৃঙ্খলা দূর করে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার নিরিখে নরেন্দ্র মোদি আধুনিক বিশ্বের কাছে ভগবান বিষ্ণুর ‘কল্কি’ অবতারের মতোই এক আলোর দিশারী। একই সঙ্গে আগামী দিনে ভারত ও ভুটানের সুদৃঢ় ও বিশ্বস্ত কূটনৈতিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন শেরিং তোবগে।






