নীল-সাদা জার্সি ছেড়ে চিরতরে বিদায়! জীবনের শেষ ম্যাচে মাইক্রোফোন হাতে কেঁদে ভাসালেন মেসি
"ইচ্ছে হলে সারা জীবন থেকে যেতাম!" আর্জেন্টিনার হয়ে বিদায়ী ভাষণে ফুটবল রাজপুত্রের হৃদয়বিদারক স্বীকারোক্তি
Truth of Bengal: বিশ্ব ফুটবলের এক বর্ণময় ও অবিস্মরণীয় অধ্যায়ের যবনিকা ঘটল। নীল-সাদা জার্সি গায়ে নিজের বিদায়ী ম্যাচের পর যখন মাইক্রোফোন হাতে তুলে নিলেন আলবিসেলেস্তে অধিনায়ক লিওনেল মেসি, তখন স্টেডিয়ামজুড়ে নীরবতা ও চরম আবেগঘন পরিবেশ। চোখ দুটো জলে ভরা, গলা কেঁপে উঠছিল বারবার। কী বলবেন বুঝে ওঠার আগে দীর্ঘ দুই দশকের সোনালী সফর আর অসংখ্য সংগ্রামের স্মৃতি ভেসে উঠছিল তাঁর চোখে। বিদায়বেলায় নিজের স্বপ্ন, সমালোচকদের তোপ, বিশ্বজয়ের স্মৃতি এবং সমর্থকদের উদ্দেশে নিজের জীবনের সবচেয়ে হৃদয়বিদারক বক্তব্যটি রাখলেন ‘এলএমটেন’।
মেসি বলেন, “এই জার্সিটাকে ধন্যবাদ জানানো ছাড়া আমার কাছে আর কোনও শব্দ নেই। দীর্ঘ ২০ বছর ধরে, সবচেয়ে কঠিন এবং অন্ধকার মুহূর্তেও কখনও লড়াই ছাড়িনি। নিজের সেরাটা নিংড়ে দিয়েছি আজ এখানে দাঁড়ানোর জন্য। কিন্তু এই জার্সিকে দেওয়ার মতো আর কিছু আমার অবশিষ্ট নেই। আর কখনও জাতীয় দলে খেলব না, ভাবলেই বুকটা ফেটে যাচ্ছে। নিজের ইচ্ছায় সব চললে আমি সারা জীবন আর্জেন্টিনার হয়ে খেলে যেতাম।”
নিজের বক্তব্য রাখতে গিয়ে বিগত বিশ্বকাপ ও বিশ্বজয়ের আবেগের কথা স্মরণে আনেন মেসি। বলেন, “২০২২-এ আমরা শুধু নিজেদের নয়, গোটা দেশের স্বপ্নপূরণ করে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলাম। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা জিতেছি। তবে এই যাত্রাটা শুধু আমার একা নয়, বহু সতীর্থ লড়াই করেছে বলেই এই সাফল্য সম্ভব হয়েছে। মাঠ ও মাঠের বাইরে সহযোদ্ধাদের পেয়ে আমি সম্মানিত। কঠিন মুহূর্তেই বোঝা যায় আসল দল কেমন হয়।”
বিশ্বের অলিতে-গলিতে থাকা লাখ লাখ আর্জেন্টিনীয় সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মেসি বলেন, “যেখানেই খেলেছি, মনে হয়েছে নিজের দেশেই খেলছি। আপনাদের সমর্থনই ছিল আমাদের মূল শক্তি। আগামী দিনেও যখন কঠিন সময় আসবে, দলকে আরও বেশি সমর্থন করবেন। মনে রাখবেন, অনেকেই চায় এই জাতীয় দল ব্যর্থ হোক। তাঁদের সেই সন্তুষ্টি আমরা কোনো দিন দেব না।” আবেগ সামলে মেসি যোগ করেন, “আজ হয়তো আমার বিদায়ে অনেকে দুঃখী, কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এই মাঠে কাটানো প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ে অমর হয়ে থাকবে।”





