দেশ

গঙ্গায় অলৌকিক ঘটনা! দীর্ঘ কয়েক দশক পর উত্তরপ্রদেশে ধীবরের জালে ধরা দিল ‘রুপোলি শস্য’

দীর্ঘ কয়েক দশক পার করে উত্তরপ্রদেশের গাজীপুরে গঙ্গার জলে ফের দেখা মিলল প্রজননমুখী ইলিশের

Truth of Bengal: ঐতিহাসিক তথ্যের পাতা উল্টালে দেখা যায়, একদা কলকাতার গঙ্গা পার হয়ে অবাধে কানপুর বা আগ্রা পর্যন্ত পৌঁছে যেত স্বাদু জলের রূপোলি শস্য ইলিশ। কিন্তু সময়ের নিয়মে নদীর স্বাভাবিক ছন্দ ব্যাহত হওয়ায় গঙ্গার নিম্ন প্রবাহ ছাড়িয়ে রূপোলি শস্যের উজান যাত্রার দৃশ্য প্রায় অবলুপ্ত হয়ে যায়। বহু বছর পর সেই ধারায় এক অভাবনীয় পরিবর্তন প্রত্যক্ষ করলেন মৎস্যবিজ্ঞানীরা। দীর্ঘ কয়েক দশক পার করে উত্তরপ্রদেশের গাজীপুরে গঙ্গার জলে ফের দেখা মিলল প্রজননমুখী ইলিশের।

স্থানীয় সূত্রের খবর, গত সপ্তাহের শুরুর দিকে গাজীপুরের গঙ্গায় মাছ ধরতে গিয়ে জেলেদের জালে ধরা পড়ে দুটি ইলিশ। এই জোড়া রূপোলি শস্যের মোট ওজন সাতশত চল্লিশ গ্রাম। বিষয়টি সাধারণ খবরের সীমা পেরিয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের আধিকারিকেরা খবরটির সত্যতা স্বীকার করেন। সংস্থার এক প্রতিনিধি জানিয়েছেন, শনিবারও গঙ্গার তীরবর্তী দুটি গ্রামের জেলেরা নদীতে আরও একাধিক ইলিশের উপস্থিতি লক্ষ্য করেছেন, যদিও জেলা সদর দপ্তর থেকে এ বিষয়ে পূর্ণাঙ্গ নথি আসা এখনও বাকি। বিজ্ঞানীদের মতে, ১৯৭৫ সালে ফারাক্কা বাঁধ চালুর পর থেকেই ফারাক্কা-পরবর্তী গঙ্গার উচ্চ ও মধ্য প্রবাহে ইলিশের যাতায়াত পথ রুদ্ধ হতে শুরু করে। এর ফলে উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে মাছের স্বাভাবিক প্রজনন চক্র ও পরিযাণ পথ সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছিল। দশকের পর দশক ধরে যোগীরাজ্যের জলসীমায় জেলেদের জালে ইলিশের অনুপস্থিতি কার্যত নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। ফলে হঠাৎ করে গাজীপুরের গঙ্গায় ইলিশের এই পুনরাগমনকে মৎস্য বিশেষজ্ঞরা অত্যন্ত বিরল এবং অর্থবহ বলে মনে করছেন।

গঙ্গার উচ্চ প্রবাহে এই রূপোলি শস্যের ফেরাকে নদীর সামগ্রিক স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন পরিবেশবিদরা। ইলিশ মূলত পরিচ্ছন্ন ও উচ্চ অক্সিজেনযুক্ত জলে বিচরণ করতে পছন্দ করে। ফলে উত্তরপ্রদেশের গঙ্গায় ইলিশের উপস্থিতি প্রমাণ করছে যে নদীর বাস্তুতন্ত্র ও প্রাকৃতি পরিবেশ আগের তুলনায় অনেকটাই উন্নত ও অনুকূল হয়ে উঠেছে, যা পরিবেশপ্রেমী ও মৎস্যজীবী উভয় শিবিরের জন্যই আশার আলো জোগাচ্ছে।

Related Articles