দেশ

যোগীরাজ্যে নয়া খেলা অখিলেশের! রিলায়েন্স শীর্ষকর্তাকে রাজ্যসভায় প্রার্থী করল সমাজবাদী পার্টি

অমিত শাহের জায়গায় বসেছিলেন গুজরাট ক্রিকেটে, এবার অখিলেশের টিকিটে সরাসরি রাজনীতিতে রিলায়েন্সের ধনরাজ

Truth of Bengal: বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে উত্তরপ্রদেশের রাজনীতিতে এক মাস্টারস্ট্রোক দিলেন সমাজবাদী পার্টি (SP) সুপ্রিমো অখিলেশ যাদব। আপকামিং রাজ্যসভা নির্বাচনে বিজেপি ও এনডিএ (NDA) শিবিরকে পুরোপুরি স্তম্ভিত করে দিয়ে সপার টিকিটে প্রার্থী হলেন গুজরাটের ধনকুবের ব্যবসায়ী তথা রিলায়েন্স গোষ্ঠীর অন্যতম শীর্ষ কর্মকর্তা ধনরাজ নাথওয়ানি। রাজনৈতিক দিক থেকে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ধনরাজের পিতা পরিমল নাথওয়ানি মাত্র কয়েক মাস আগেই এনডিএ-র সমর্থনে রাজ্যসভার সাংসদ হয়েছেন। এবার সরাসরি মোদি-শাহের রাজ্য গুজরাটের প্রভাবশালী শিল্পপতিকে বিরোধী শিবিরের প্রতিনিধি করে লখনউয়ের ময়দানে নামিয়ে নতুন সমীকরণের সূচনা করলেন অখিলেশ।

ধনরাজ নাথওয়ানি একাধারে ভারতের বৃহত্তম কর্পোরেট সংস্থা রিলায়েন্সের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সফল ক্রীড়া প্রশাসক। রিলায়েন্স গোষ্ঠীর জামনগরের উৎপাদন বিভাগ সামলানো থেকে শুরু করে গুজরাটে জিও-র ব্যবসা, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন এবং ডিফেন্স সিস্টেমের তদারকির দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। পাশাপাশি তিনি গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (GCA) বর্তমান সভাপতি, যে মর্যাদাপূর্ণ পদে একসময় খোদ অমিত শাহ আসীন ছিলেন। বিজেপি ঘেঁষা হিসেবে পরিচিত ধনরাজের মতো হেভিওয়েট ব্যক্তিত্বকে সমাজবাদী পার্টির টিকিটে রাজনীতিতে আনাকে অখিলেশের এক বিরাট কূটনৈতিক জয় হিসেবে দেখছে রাজনৈতিক মহল।

আগামী ১৬ অক্টোবর উত্তরপ্রদেশের ১০টি শূন্য রাজ্যসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সংখ্যার বিচারে ২৯৪ জন বিধায়ক নিয়ে এনডিএ-র ৭টি আসনে জয় নিশ্চিত। অন্যদিকে, সমাজবাদী পার্টির হাতে বর্তমানে ১০০ জন বিধায়ক রয়েছে (যদিও ১২ জন সপা বিধায়ক বিজেপির দিকে ঝুঁকেছেন) এবং কংগ্রেসের রয়েছে ২ জন বিধায়ক। হিসাব অনুযায়ী সপার দুটি আসনে জয় একপ্রকার নিশ্চিত। প্রথম নিশ্চিত আসনে অখিলেশ প্রার্থী করেছেন দলের বর্ষীয়ান নেতা রামগোপাল যাদবকে এবং দ্বিতীয় আসনে ধনরাজ নাথওয়ানিকে দাঁড় করিয়ে মাস্টারস্ট্রোক দিয়েছেন।

তবে অখিলেশের চমকের এখানেই ইতি নয়! সপা নেতৃত্বের দাবি, “আসল খেলা এখনও বাকি রয়েছে।” উত্তরপ্রদেশের দশম আসনটিকে ঘিরে এখন জোর লড়াইয়ের সম্ভাবনা। বিজেপি অতিরিক্ত প্রার্থী দিয়ে সপার ৫ জন বিধায়কের ক্রস ভোটিং করানোর ছক কষছে। অন্যদিকে, অখিলেশ যাদব পাল্টা চাল হিসেবে বিজেপির ১২ জন বিধায়ককে নিজের পক্ষে টানার মরিয়া কৌশল নিয়েছেন, যাতে তৃতীয় আসনটিও ঝুলিতে পোরা যায়। জাতীয় রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যের খেলায় অখিলেশের এই পদক্ষেপে উত্তরপ্রদেশে পদ্ম শিবিরের উদ্বেগ যে অনেকটাই বাড়ল, তা বলাই বাহুল্য।

Related Articles