দেশ

শ্রীকৃষ্ণকে নিয়ে আপত্তিকর মন্তব্য! আইনি জালে বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী, হতে পারে জেলও

"আমাদের রাম সোজা, তোমাদের কৃষ্ণ তো বাঁকা!" বিতর্কিত মন্তব্য করে চরম বিপাকে বাগেশ্বর বাবা

Truth of Bengal: বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে বিতর্কিত মন্তব্য করে পার পেয়ে গেলেও, এবার আর রক্ষা পেলেন না বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে প্রকাশ্য সভায় অনুচিত ও কটূ মন্তব্য করে বেজায় বিপাকে পড়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে উত্তরপ্রদেশের আগ্রার একটি আদালতে ফৌজদারি মানহানির মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, শ্রীকৃষ্ণকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে তিনি কোটি কোটি কৃষ্ণভক্তের ভাবাবেগে আঘাত হেনেছেন এবং কৃষ্ণের উত্তরসূরিদেরও অপমান করেছেন। আদালত ইতিমধ্যেই সেই মামলা গ্রহণ করেছে এবং আগামী ১৪ ডিসেম্বর এই মামলার শুনানি নির্ধারণ করা হয়েছে।

ঠিক কী বলেছিলেন ধীরেন্দ্র শাস্ত্রী?

ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে মধ্যপ্রদেশের শিবপুরে এক ‘রামকথা’ আয়োজনে। সেখানে ভগবান শ্রীরামের প্রশংসা করতে গিয়ে আচমকাই শ্রীকৃষ্ণকে খাটো করে বক্তব্য রাখেন বাগেশ্বর বাবা। তিনি ভরা সভায় বলে বসেন, “তোমাদের কৃষ্ণ তো বাঁকা, আমাদের রামকে দেখো! তিনি চলেন সোজা, কাজ করেন সোজা এবং তাঁর নামটাও অত্যন্ত সহজ। আর কৃষ্ণের মূর্তি দেখুন, ঘাড়, কোমর বাঁকিয়ে বাঁশি বাজাচ্ছেন! বাঁশি যে কেউ বাজাতে পারে, ভগবানের কাছে ওসব কিছু নয়। আর বাঁশি কোনও কাজেও লাগে না, আসল তো রামের ধনুক।”

শ্রীকৃষ্ণের ত্রিভঙ্গ ও বংশীধারী রূপ নিয়ে এমন অশ্রদ্ধাপূর্ণ মন্তব্যের পরেই বিতর্ক দাবানলের মতো ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে ধীরেন্দ্র শাস্ত্রী নিজের বক্তব্যের জন্য ক্ষমা চাইলেও কৃষ্ণভক্তদের ক্ষোভের আগুন কমেনি।

আদালতে দায়ের অপরাধমূলক মানহানির মামলা

আগ্রার নিম্ন আদালতে অজয় প্রতাপ সিং নামের এক আইনজীবী ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে অপরাধমূলক মানহানির মামলা দায়ের করেন। তাঁর স্পষ্ট দাবি, বাগেশ্বর বাবার এই অসংবেদনশীল মন্তব্য শুধুমাত্র দেশজুড়ে কৃষ্ণভক্তদের আঘাত করেনি, বরং ভারতে বসবাসকারী কৃষ্ণের বংশধর বা উত্তরসূরিদেরও অসম্মান করেছে। সিভিল কোর্টের বিচারক কাঞ্চন কুমার মামলাটি গ্রহণ করেছেন। আইনি বিশেষজ্ঞদের মতে, অপরাধমূলক মানহানির এই মামলায় দোষী সাব্যস্ত হলে বাগেশ্বর বাবার কারাদণ্ড পর্যন্ত হতে পারে।

ক্ষোভে ফুঁসছে মথুরা-বৃন্দাবন

ধীরেন্দ্র শাস্ত্রীর এই মন্তব্যে সবচেয়ে বেশি ক্ষুব্ধ কৃষ্ণভূমি মথুরা ও বৃন্দাবনের সাধু-সন্ন্যাসীরা। তাঁদের মতে, আপামর হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রীকৃষ্ণ পরম আরাধ্য এবং অনেকের কাছে তিনি ঘরের সন্তানের মতো। কৃষ্ণের বহুবিধ রূপের মধ্যে বংশীধারী রূপটি অতীব পবিত্র। সেই রূপ নিয়ে জনসমক্ষে এমন মন্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। আগ্রা আদালতের এই পদক্ষেপে এখন বাগেশ্বর বাবার আইনি ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।

Related Articles