দেশ

মাসের শুরুতেই স্বস্তি, একধাক্কায় ২০৯ টাকা কমল বাণিজ্যিক গ্যাসের দাম

শনিবার ১ অগাস্ট থেকেই দেশজুড়ে কার্যকর হচ্ছে এই নয়া দর। এই নিয়ে টানা দুই মাস হ্রাস পেল বাণিজ্যিক গ্যাসের দাম।

Truth Of Bengal: অগাস্ট মাসের প্রথম দিনেই বড়সড় স্বস্তির খবর। উৎসবের মরসুমের আগেই হোটেল, রেস্তরাঁ এবং ছোট খাবার ব্যবসায়ীদের পকেটে স্বস্তি দিয়ে একধাক্কায় অনেকটা কমানো হল ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি (LPG) সিলিন্ডারের দাম। শনিবার ১ অগাস্ট থেকেই দেশজুড়ে কার্যকর হচ্ছে এই নয়া দর। এই নিয়ে টানা দুই মাস হ্রাস পেল বাণিজ্যিক গ্যাসের দাম।

একনজরে নতুন দর:

কেন কমল দাম?

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর ওঠানামার ওপর ভিত্তি করেই প্রতি মাসের শুরুতে এলপিজি-র নতুন দাম নির্ধারণ করা হয়। সম্প্রতি ইরান ও আমেরিকার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া, হরমুজ প্রণালী নির্ভরতা কমিয়ে ভারত গত ৯০ দিনে অপরিশোধিত তেল আমদানিতে উৎসে বৈচিত্র এনেছে। স্পট মার্কেট বা তাৎক্ষণিক বাজার থেকে কেনাকাটা বাড়ানোর পাশাপাশি উপসাগরীয় দেশগুলির ওপর দীর্ঘমেয়াদী নির্ভরতা কমানোর সুফল পাচ্ছেন ভারতের গ্রাহকরা।

স্বস্তি ছোট ব্যবসায়ীদের:

ধারাবাহিক মূল্যবৃদ্ধির ফলে একসময় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩,২৫৫ টাকা ৫০ পয়সায় গিয়ে পৌঁছেছিল। ফলে হোটেল ও রেস্তরাঁ পরিচালনায় খরচ বৃদ্ধি নিয়ে বড় দুশ্চিন্তায় পড়েছিলেন ব্যবসায়ীরা। তবে গত জুলাই মাসে ১৮৩ টাকারও বেশি দাম কমানোর পর, এই মাসে আরও ২০৯ টাকা দাম কমায় সেই আশঙ্কার মেঘ অনেকটাই কেটেছে।

ঘরোয়া গ্যাসের দামে বদল নেই:

বাণিজ্যিক নীল সিলিন্ডারের দাম কমলেও, সাধারণ মধ্যবিত্তের ১৪.২ কেজি গার্হস্থ্য রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন আনেনি তেল সংস্থাগুলি। গত ৭ জুনের হার বজায় রেখে কলকাতায় ঘরোয়া সিলিন্ডারের দাম থাকছে ৯৬৮ টাকা। অন্যদিকে, দিল্লিতে ৯৪২ টাকা, মুম্বাইতে ৯৪১ টাকা ৫০ পয়সা এবং চেন্নাইতে ৯৫৭ টাকা ৫০ পয়সাতেই বিক্রি হচ্ছে গৃহস্থের রান্নার গ্যাস।

Related Articles