৪ মাসেই মোদির পথ ধরে দুর্নীতিমুক্ত বাংলা! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ রাজনাথ
"অন্যান্য রাজ্যেও চর্চা হচ্ছে শুভেন্দুর কাজের!" কলকাতায় এসে মুখ্যমন্ত্রীকে সেরা 'সার্টিফিকেট' রাজনাথের!
Truth of Bengal: ছাব্বিশের ঐতিহাসিক বিধানসভা নির্বাচনে জয়ের পর রাজ্যে বিজেপি সরকার গঠনের প্রায় ৪ মাস পূর্ণ হতে চলেছে। আর এই স্বল্প সময়ের মধ্যেই প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা থেকে শুরু করে জনকল্যাণমূলক একাধিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার জন্য জাতীয় রাজনীতিতে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার কলকাতায় দলীয় ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচির বৈঠকে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দুর এই দুর্দান্ত প্রশাসনিক দক্ষতার প্রশংসায় পঞ্চমুখ হলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোজাসুজি মুখ্যমন্ত্রীর হাতে যেন কাজের এক উজ্জ্বল পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ তুলে দিলেন মোদি মন্ত্রিসভার এই হেভিওয়েট মন্ত্রী।
সাংবাদিক বৈঠকে রাজনাথ সিং স্পষ্ট জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগ্য নেতৃত্বে ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সুশাসনে গতি পাচ্ছে বঙ্গ শাসনব্যবস্থা। রাজনাথ বলেন, “ক্ষমতায় আসার মাত্র চার মাসের মধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুবাবু যেভাবে শক্ত হাতে প্রশাসনিক হাল ধরেছেন, তার চর্চা এখন দেশের অন্যান্য রাজ্যেও জোরকদমে চলছে। আমার দৃঢ় বিশ্বাস, প্রধানমন্ত্রী মোদির ‘বিকশিত ভারত’ গড়ার মহাযজ্ঞে শুভেন্দুর নেতৃত্বাধীন বাংলা সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। আগামী দিনে বিশ্বমঞ্চে ভারতকে শিপ বিল্ডিং বা জাহাজ নির্মাণ হাব হিসেবে এক নম্বরে তুলে আনতে বাংলাই মূল চালিকাশক্তি হবে।”
উল্লেখ্য, চলতি বছরে স্বাধীনতা দিবসে নতুন ইতিহাসের সাক্ষী থেকেছে দেশ। প্রথমবারের জন্য দিল্লির লালকেল্লার মূল মঞ্চ থেকে জাতীয় গীতি ‘বন্দে মাতরম’-এর সমস্ত স্তবক আনুষ্ঠানিকভাবে পরিবেশন করা হয়। রাজনাথ সিং এদিন স্মরণ করিয়ে দেন যে, এটি আসলে সমগ্র বাংলা ও প্রতিটি বাঙালির জন্য এক পরম গর্ব ও সম্মানের বিষয়।
প্রধানমন্ত্রীর দীর্ঘ ২৫ বছরের বর্ণময় প্রশাসনিক সফরকে এক বাক্যে ‘সেবা’ বলে ব্যাখ্যা করে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, রাজনৈতিক স্তরে তীব্র বিরোধিতা ও অপপ্রচারের মুখোমুখি দাঁড়িয়েও যেভাবে নরেন্দ্র মোদি দেশের সার্বিক উন্নয়নের পথ তৈরি করেছেন, নবান্নে বসে ঠিক সেই পথেই হাঁটছেন শুভেন্দু অধিকারী। সরকারের চার মাসের জমানাতেই প্রশাসনিক সততা ও একের পর এক উন্নয়নমূলক সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব বাংলা ছাড়িয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ায় পদ্ম শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহের জোয়ার দেখা দিয়েছে।






