কলকাতারাজ্যের খবর

উত্তরে ভারী বর্ষণের লাল সতর্কতা! উইকএন্ডে শহরের আবহাওয়ায় টুইস্ট

শনিবার সকাল থেকেই কলকাতার আকাশে চলছে রোদ-মেঘের টানাপোড়েন

Truth of Bengal: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় জল ঢালছে বর্ষা। আবহাওয়া দপ্তরের লেটেস্ট পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতির বিপরীতে উত্তরবঙ্গের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কতা, কারণ সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা।

শনিবার সকাল থেকেই কলকাতার আকাশে চলছে রোদ-মেঘের টানাপোড়েন। আপাতত তিলোত্তমায় কোন ভারী বর্ষণের সম্ভাবনা নেই বলেই স্পষ্ট করেছে হাওয়া অফিস। তবে শহরের বিভিন্ন প্রান্তে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি নামতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বেশি থাকায় মেঘ কেটে রোদ উঠলেই চরম আর্দ্রতাজনিত অস্বস্তি সাধারণ মানুষকে নাজেহাল করবে। দক্ষিণবঙ্গের প্রেক্ষাপটে শনিবার কোথাও খুব ভারী বৃষ্টির সংকেত নেই। তবুও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলির কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে আশার কথা হলো, আগামী সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গে পুনরায় বর্ষার সক্রিয়তা বৃদ্ধি পেতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গের চিত্রটা বেশ চিন্তার। সেখানকার জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যা আগামী সপ্তাহেও অব্যাহত থাকার ইঙ্গিত রয়েছে। টানা বৃষ্টির ফলে পার্বত্য অঞ্চলে ধস নামা, নদীগুলির জলস্তর আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়া এবং নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার জোরালো ঝুঁকি রয়েছে। উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে সংশ্লিষ্ট প্রশাসনকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।

Related Articles