আদালত চত্বরেই এলোপাথাড়ি লাথি-ঘুসি! প্রিজন ভ্যান থেকে নামতেই তৃণমূল নেতাকে ডিম-বৃষ্টি
বিচারকের দরজার সামনেই রগচটা কাণ্ড! অভিযুক্ত নেতাকে ডিম ছুড়তেই কলার চেপে পেটালেন সমর্থকরা!
Truth of Bengal: জমি দখল এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকির অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বাবাই নন্দীকে আদালতে তোলাকে কেন্দ্র করে চরম ধুন্ধুমার কাণ্ড ঘটল রায়গঞ্জে। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে এক যুবক হঠাৎ ডিম ছুড়ে মারেন। আর তার পরপরই আদালত চত্বরেই তাণ্ডব শুরু হয়ে যায়। ডিম ছোড়া যুবকের ওপর ঝাঁপিয়ে পড়েন অভিযুক্ত নেতার স্ত্রী ও সেখানে উপস্থিত একদল তৃণমূল সমর্থক। ধস্তাধস্তি ও বেধড়ক মারধরের ঘটনায় রায়গঞ্জ আদালত চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বাবাই নন্দী রায়গঞ্জের উদয়পুরের বাসিন্দা এবং স্থানীয় কমলাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য। তাঁর বিরুদ্ধে একাধিক জমি দখল, বেআইনি আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ছিল। এমনকী স্থানীয় সাংসদের পিএ-কেও হুমকি দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল রায়গঞ্জ থানার পুলিশ। বুধবার তাঁকে রায়গঞ্জ আদালতে পেশ করার সময় প্রিজন ভ্যান থেকে নামাতেই ঘটে এই অপ্রত্যাশিত ঘটনা। এক যুবক প্রতীকী প্রতিবাদ হিসেবে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়েন।
ডিম ছোঁড়ার পরেই তৃণমূল প্রভাবিত একদল যুবক এবং অভিযুক্তের অনুগামীরা সংশ্লিষ্ট যুবকের ওপর হামলে পড়েন। আদালত ক্যাম্পাসের মধ্যেই তাঁকে মাটিতে ফেলে এলোপাথাড়ি চড়, থাপ্পড় ও লাথি মারা হয় বলে অভিযোগ। পরিস্থিতির ভয়াবহতা দেখে রায়গঞ্জ থানার আইসি সন্দীপ চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ক্ষিপ্রতার সঙ্গে পৌঁছায়। পুলিশকর্মীরা ক্ষুব্ধ জনতার হাত থেকে আহত যুবককে উদ্ধার করে তড়িঘড়ি একটি টোটোতে তুলে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এই অপ্রীতিকর ঘটনা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল প্রভাবিত বার অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলা সভাপতি সায়ন চৌধুরী বলেন, “আদালত চত্বরে পুলিশ প্রশাসনের সামনে এভাবে ডিম ছোড়ার ঘটনা মানা যায় না। যদিও বিষয়টি নিয়ে আগেই পুলিশকে জানানো হয়েছিল।” অন্যদিকে, পদ্ম শিবিরকে তীব্র আক্রমণ করে বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, “তৃণমূলের এক দুষ্কৃতী নেতার বিরুদ্ধে জমি দখল ও খুনের হুমকির অভিযোগ রয়েছে। তাঁকে কোর্টে তোলার সময় এক সাধারণ যুবক প্রতীকী প্রতিবাদ জানাতেই এই হিংস্র আচরণ! এরা ক্ষমতায় থাকলে যে সাধারণ মানুষের কী অবস্থা হত, তা অনুমান করা কঠিন নয়।” পুরো ঘটনাটি খতিয়ে দেখে সিসিটিভি ফুটেজ যাচাই করছে পুলিশ।






