রাজ্যজুড়ে শুরু ১৬তম জনগণনা: স্ব-সুমারি করে ডিজিটাল সেন্সাসের সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “এবারের সেন্সাসে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রথমত, পুরো প্রক্রিয়াটি করা হচ্ছে আধুনিক ডিজিটাল মাধ্যমে।
Truth of Bengal: রাজ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ১৬তম জাতীয় জনগণনার কাজ। স্বাধীন ভারতের অষ্টম এই ডিজিটাল আদমসুমারিতে দেশের ইতিহাসে এই প্রথমবার চালু হয়েছে ‘সেল্ফ এনুমারেশন’ বা স্ব-গণনার সুবিধা। শনিবার নবান্নে বসে নিজে অনলাইনে স্ব-সুমারি প্রক্রিয়ায় অংশ নিয়ে এই ঐতিহাসিক কাজের সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে জনগণের সুরক্ষার বিষয়ে স্পষ্ট আশ্বাস দিয়ে তিনি জানান, এই গণনায় কোনও ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার সুযোগ নেই।
শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “এবারের সেন্সাসে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রথমত, পুরো প্রক্রিয়াটি করা হচ্ছে আধুনিক ডিজিটাল মাধ্যমে। দ্বিতীয়ত, বঙ্গবাসী ঘরে বসেই নিজেদের গণনা বা স্ব-গণনা করার সুযোগ পাচ্ছেন। রাজ্যের প্রথম সেবক হিসেবে আমি নিজে এই ফর্ম পূরণ করলাম।” রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সকলের কাছে অনুরোধ, আপনারা সেন্সাস কর্মীদের পূর্ণ সহযোগিতা করুন। ডিজিটাল প্রক্রিয়ায় নিজেরা ফর্ম পূরণ করে এই প্রক্রিয়াকে সফল করে তুলুন। কিন্তু এর ফলে ব্যক্তিগত তথ্য বাইরে বেরিয়ে যাবে না তো? “জনগণনার সমস্ত তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। সাধারণ মানুষের জনকল্যাণ এবং একটি বিকশিত ভারত গড়ার লক্ষ্যেই এই আধুনিক আদমসুমারি। আমি এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।” আশঙ্কার প্রশ্নে আশ্বাস শুভেন্দু অধিকারীর। জনগণনা সঠিকভাবে হওয়ার জন্য রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
রাজ্যে মোট ১৪,৩৯৯ জন কর্মী এই গণনার কাজে নিযুক্ত রয়েছেন। সার্বিক তদারকির জন্য নিয়োগ করা হয়েছে ৩,৪০০ জন সুপারভাইজার নিয়োগ হয়েছে। অনলাইন ফর্মে মোট ৩৪টি প্রশ্নের মাধ্যমে ‘বাড়ি গণনার’ পাশাপাশি পরিবারের বিস্তারিত তথ্য গ্রহণ করা হচ্ছে।






