এয়ার ইন্ডিয়ার বিমানে ইমিগ্রেশন ছাড়াই বিদেশে পাড়ি ৩ যাত্রীর, শো-কজের কড়া নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের
ঘটনাটি সামনে আসতেই বিমানবন্দর নিরাপত্তা ও যাত্রী যাচাই প্রক্রিয়া নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে
Truth of Bengal: দিল্লি বিমানবন্দর থেকে অভিবাসন সংক্রান্ত প্রয়োজনীয় ছাড়পত্র না নিয়েই জার্মানির মিউনিখগামী বিমানে উঠে পড়েন তিন বিদেশি নাগরিক। ঘটনাটি সামনে আসতেই বিমানবন্দর নিরাপত্তা ও যাত্রী যাচাই প্রক্রিয়া নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে মঙ্গলবার সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিব, গোয়েন্দা সংস্থা আইবি-র ডিরেক্টর-সহ একাধিক শীর্ষ আধিকারিকের। একই সঙ্গে এয়ার ইন্ডিয়ার প্রধান এবং দিল্লি বিমানবন্দরের সিইও-কেও বৈঠকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।
এই ঘটনায় সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়েছে এয়ার ইন্ডিয়া। অভিযোগ, সংস্থার তরফে যাত্রী যাচাই ও বোর্ডিং পাস ইস্যুর ক্ষেত্রে গাফিলতির কারণেই তিন বিদেশি প্রয়োজনীয় ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ছাড়াই আন্তর্জাতিক বিমানে উঠতে পেরেছেন। ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে শো-কজ নোটিস পাঠিয়ে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। ঘটনাটি গত ৪ সেপ্টেম্বরের। ইটালির তিন নাগরিক অমৃতসর বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে দিল্লি আসেন। দিল্লি থেকে তাঁদের লুফৎহানসার বিমানে মিউনিখ যাওয়ার কথা ছিল। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, অমৃতসরে ওই তিন যাত্রীকে একই সঙ্গে দু’ধরনের বোর্ডিং পাস দেওয়া হয়েছিল—একটিতে ‘D’ বা Domestic এবং অন্যটিতে ‘I’ বা International উল্লেখ ছিল।
আর এখানেই উঠেছে নিয়মভঙ্গের অভিযোগ। নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী, অমৃতসর থেকে ওই যাত্রীদের শুধুমাত্র অভ্যন্তরীণ যাত্রার জন্য ‘D’ চিহ্নিত বোর্ডিং পাস নিয়েই দিল্লি পৌঁছনোর কথা ছিল। এরপর দিল্লি বিমানবন্দরে তাঁদের পাসপোর্ট ও অভিবাসন সংক্রান্ত সমস্ত নথি যাচাই হওয়ার পর আন্তর্জাতিক উড়ানে ওঠার অনুমতি পাওয়ার কথা।





