রাজনীতির রং-মুক্ত হল না শিক্ষাঙ্গন! রাজ্যের ১৭১টি কলেজের জিবি সভাপতি বিজেপি নেতা-নেত্রীরা
সুরেন্দ্রনাথ থেকে আচার্য জগদীশচন্দ্র! শহরের নামজাদা সব কলেজের রাশ এখন কাদের হাতে? দেখে নিন তালিকা!
Truth of Bengal: বাম জমানার দীর্ঘ ৩৪ বছরে বাংলার শিক্ষাঙ্গন দেখেছিল তথাকথিত ‘অনিলায়ন’। পরবর্তীকালে শাসক দল হিসেবে তৃণমূলের ১৫ বছরের রাজত্বেও সেই একই ছবির কোনও পরিবর্তন দেখা যায়নি; বরং রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি কার্যত দলীয় রাজনীতির আখড়ায় পরিণত হয়েছিল। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের সময় ভারতীয় জনতা পার্টি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল যে শিক্ষাঙ্গনকে সম্পূর্ণ ‘দলীয় রাজনীতিমুক্ত’ ও ‘রংহীন’ করা হবে। কিন্তু বঙ্গে ক্ষমতা দখলের পর বাস্তব ছবিটা যে খুব একটা বদলায়নি, তা রাজ্য সরকারের সাম্প্রতিক পদক্ষেপে ফের স্পষ্ট হয়ে গেল। রাজ্য পরিচালিত কলেজগুলির পরিচালনা সমিতি বা গভর্নমেন্ট বডির (GB) সভাপতি পদে বিজেপি বিধায়ক, সাংসদ ও দলীয় শীর্ষ নেতাদের বসানো নিয়ে এবার চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার।
ক্ষমতায় আসার পরেই কলেজ প্রাঙ্গণে সুস্থ প্রশাসনিক পরিবেশ ফেরাতে সমস্ত সরকার-পোষিত স্কুল ও কলেজের জিবি ভেঙে প্রশাসক বসিয়েছিল নবান্ন। ঘোষণা করা হয়েছিল যে, পরিচালন সমিতিতে কোনও রাজনৈতিক ব্যক্তির স্থান হবে না। তবে গত আগস্টে প্রকাশিত প্রথম তালিকায় বিজেপির একাধিক জনপ্রতিনিধির নাম সামনে আসতেই তীব্র বিতর্ক শুরু হয়। সে সময় সরকারের পক্ষে সওয়াল করে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেছিলেন, “শিক্ষাঙ্গনকে আমরা অশান্তিমুক্ত করতে চাই। অতীতে যেভাবে মহিলা অধ্যাপিকাদের দিকে জগ ছুড়ে মারা হত, তা আটকানোর জন্যই দায়িত্বশীল ব্যক্তিত্বদের জিবি পদে আনা হচ্ছে, যাতে ক্যাম্পাসে কোনও বিশৃঙ্খলা না তৈরি হয়।”
সেই বিতর্কের আবহেই শিক্ষা দফতর আরও ১৭১টি কলেজের জিবি সভাপতির নতুন তালিকা ঘোষণা করল। আর সেই তালিকায় দেখা যাচ্ছে, জনপ্রতিনিধি নন এমন সব হেভিওয়েট বিজেপি নেতাদেরও সভাপতি হিসেবে পুনর্বাসন দেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা টিবরেওয়াল, লকেট চট্টোপাধ্যায়, কিংবা শিশির বাজোরিয়ার মতো দলীয় মুখদের হাতে তুলে দেওয়া হয়েছে কলকাতার প্রথম সারির কলেজগুলির নিয়ন্ত্রণ। শিক্ষাবিদদের মতে, ‘রাজনীতিমুক্ত শিক্ষার’ ঢাকঢোল পিটিয়ে আদতে বাংলায় শিক্ষার ‘গৈরিকীকরণ’ শুরু হয়েছে, যা পড়ুয়া ও শিক্ষাব্যবস্থা উভয়ের জন্যই বিপজ্জনক সংকেত।
একনজরে কয়েকটি গুরুত্বপূর্ণ কলেজের নতুন জিবি সভাপতি:
সুরেন্দ্রনাথ কলেজ: তমোঘ্ন ঘোষ (উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি)
সুরেন্দ্রনাথ কলেজ ফর উইমেন: প্রিয়াঙ্কা টিবরেওয়াল (বিজেপি নেত্রী)
আচার্য জগদীশচন্দ্র বসু কলেজ: শিশির বাজোরিয়া (বিজেপি নেতা)
সম্মিলনী মহাবিদ্যালয় (দক্ষিণ ২৪ পরগনা): লকেট চট্টোপাধ্যায় (প্রাক্তন সাংসদ ও রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক)
বলরামপুর কলেজ (পুরুলিয়া): জ্যোতির্ময় সিংহ মাহাতো (পুরুলিয়ার সাংসদ ও রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক)
বাসন্তী দেবী কলেজ: শশী অগ্নিহোত্রী
হেরম্বা চন্দ্র কলেজ: রাজকমল পাঠক
যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজ: অজয় অগ্নিহোত্রী



