“পেপার মাফিয়াদের আর রক্ষে নেই!”, প্রশ্নফাঁস বিল পাশ হতেই মোদির মারাত্মক ভিডিও বার্তা
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললেই চরম শাস্তি! ইনস্টাগ্রামে এসে কী বার্তা দিলেন মোদি?
Truth of Bengal: দেশের শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে এবং কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। বুধবারই লোকসভায় ভোটাভুটির মাধ্যমে পাশ হয়ে গিয়েছে বহুল চর্চিত ‘পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪ সংশোধনী বিল’। প্রশ্নফাঁস-বিরোধী এই বিলটি নিম্নকক্ষে সবুজ সংকেত পাওয়ার পরদিনই, অর্থাৎ বৃহস্পতিবার নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিশেষ ভিডিও বার্তা শেয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন, প্রশ্নফাঁস চক্র বা পেপার মাফিয়ারা এবার আর কোনওভাবেই ছাড় পাবে না।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীকে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলতে শোনা যায়, “দশকের পর দশক ধরে রাজ্য ও কেন্দ্র, উভয় সরকারকেই প্রশ্নফাঁসের মতো মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। এর ফলে প্রতি বছর লক্ষ লক্ষ পরিশ্রমী শিক্ষার্থীর ভবিষ্যৎ চরম ঝুঁকির মুখে পড়েছে। কিন্তু আমরা এই অচলাবস্থা ভাঙতে ধারাবাহিকভাবে একের পর এক সংস্কারমুখী পদক্ষেপ করছি। পরীক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ, দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ কিংবা বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করা, সব মিলিয়ে আমরা দ্রুত সামনের দিকে এগিয়ে চলেছি।” এর পাশাপাশি শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যারা দেশের শিশুদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলে, তাদের দমনে কঠোর আইনের কোনও বিকল্প নেই।”
উল্লেখ্য, বুধবার এই বিলটি সংসদে পেশ ও আলোচনার সময় তুমুল হট্টগোল সৃষ্টি হয়। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেন, দিল্লিতে প্রতিবাদরত পরীক্ষার্থী ও পড়ুয়াদের প্রতি পুলিশের আচরণের জবাব দিতে হবে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত না থাকায় বিরোধী দলগুলি ক্ষোভ উগরে দেয়। পরবর্তীতে ধ্বনি ভোটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া শুরু হলে বিরোধীরা সংসদ থেকে ওয়াকআউট করেন এবং বিলটি লোকসভায় পাশ হয়ে যায়। বৃহস্পতিবার বিলটি রাজ্যসভায় পাশ হয়।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই মধ্যরাতে পোস্ট করা প্রধানমন্ত্রীর একটি ভিডিও বার্তা সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। মাত্র ১২ ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে সেই ভিডিওটির ভিউ ২৭১ মিলিয়ন ছাড়িয়ে যায়, যেখানে লাইক পড়েছিল প্রায় দেড় কোটি এবং কমেন্ট ছিল ১৩ লক্ষেরও বেশি। ফের নতুন ভিডিওতে দেশের তরুণ বন্ধুদের অভাবনীয় সাড়া ও ইতিবাচক পরামর্শের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।






