দেশ

হড়পা বান-ভূমিধসে বিপর্যস্ত কেরল! মৃত ৫, নিখোঁজ বহু

নীলাম্বুরের কোট্টাপুঝা নদীতে আচমকা জলস্তর বেড়ে কয়েকজন ভেসে যান।

Truth of Bengal: প্রবল বৃষ্টির জেরে কেরলে একদিকে হড়পা বান, অন্যদিকে ভূমিধস। রবিবারের দুর্যোগে রাজ্যে অন্তত পাঁচজনের মৃত্যু এবং দু’জন নিখোঁজ বলে সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়েছে। মালাপ্পুরমের নীলাম্বুর ও ইডুক্কির কোট্টাকাম্বুর এলাকায় উদ্ধারকাজ চলছে।

নীলাম্বুরের কোট্টাপুঝা নদীতে আচমকা জলস্তর বেড়ে কয়েকজন ভেসে যান। ঘটনাস্থলটি স্থানীয়দের কাছে জনপ্রিয় ঘোরার জায়গা। উজানের জঙ্গলে ভারী বৃষ্টির জেরেই হঠাৎ নদীর জল ফুলে ওঠে বলে স্থানীয় সূত্রের দাবি। উদ্ধারকারীরা কয়েকজনকে জীবিত উদ্ধার করলেও মৃতদেহও মিলেছে।

অন্যদিকে, ইডুক্কির কোট্টাকাম্বুরে প্রবল বৃষ্টির মধ্যে কৃষিজমির একটি শেডের উপর ধস নামে। সেখানে কাজ করা দুই ব্যক্তির মৃত্যু হয় এবং আরও একজন আহত হন।

দুর্যোগের পর কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশন পরিস্থিতির উপর ঘনঘন নজর রাখার নির্দেশ দিয়েছেন। প্রয়োজন হলে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার কথাও জেলা প্রশাসনকে বলা হয়েছে।

Related Articles