কলকাতা

লক্ষ প্রদীপের আলোয় ভাসল গঙ্গার ঘাট! তিলোত্তমায় মোদির জন্মদিনে ‘সেবা সংকল্প’ অভিযান মুখ্যমন্ত্রীর

বাংলায় এই প্রথম! নরেন্দ্র মোদির জন্মদিনে গঙ্গার ঘাটে লক্ষ প্রদীপের ঝলকানি, মাতোয়ারা কলকাতা!

Truth of Bengal: আবহাওয়ার খামখেয়ালিপনায় কখনো অঝোর ধারায় বৃষ্টি, আবার কখনো হালকা গুঁড়ি গুঁড়ি বর্ষণ, তা সত্ত্বেও উদ্দীপনায় বিন্দুমাত্র ভাটা পড়েনি তিলোত্তমায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় এক অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল গঙ্গার বাজা কদমতলা ঘাট। মোদিজির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ঘাটে এক যোগে জ্বলে উঠল এক লক্ষ মাটির প্রদীপ। বিজেপির ক্ষমতার বদলে রাজ্যে এই প্রথমবার অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সুবিশাল পরিসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালিত হল। অনুষ্ঠানের শুভ সূচনা করতে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাজা কদমতলা ঘাটে উপস্থিত হন।

বৃহস্পতিবার প্রদীপ প্রজ্জ্বলন করে এই বিশেষ আলোক উৎসবের উদবোধনী ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আবেগে আপ্লুত হয়ে বলেন, “জনসেবা ও সফল সুশাসনের ২৫ বছর পূর্তিতে একজন গর্বিত ভারতীয় হিসেবে প্রধানমন্ত্রী মোদিজিকে আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভকামনা জানাচ্ছি।” এই প্রদীপ উৎসবের পাশাপাশি এদিন সকাল থেকেই সমগ্র বাংলা জুড়ে দিনভর রক্তদান শিবির, অন্নপূর্ণা ভাণ্ডারের অর্থ বণ্টন, বস্ত্র বিতরণসহ নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়েছে। জন্মদিনের উদযাপনে আলোর রঙিন মালায় অপরূপ সাজে সাজিয়ে তোলা হয়েছিল ঐতিহাসিক হাওড়া ব্রিজকেও।

নবান্ন ও দলীয় সূত্রে জানানো হয়েছে, মোদির জন্মজয়ন্তীকে কেন্দ্র করে বাংলায় এই উৎসবের আবহ কেবল একদিনেই সীমিত থাকছে না; আগামী এক মাস ধরে চলবে নানা কর্মসূচির ধারাবাহিকতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু ঘোষণা করেন, “আগামী ৭ অক্টোবর সফল প্রশাসক হিসেবে নরেন্দ্র মোদির ২৫ বছর পূর্ণ হচ্ছে। সেই উপলক্ষে রাজ্যের প্রতিটি জেলায় বিশেষ উৎসব আয়োজন করা হবে, যা দেবীপক্ষ শুরুর আগেই অর্থাৎ ১০ অক্টোবরের মধ্যে আমরা সম্পন্ন করব।”

এর পাশাপাশি রাজ্যজুড়ে আয়োজিত হবে পবিত্র ‘কলস যাত্রা’, রকমারি ‘রঙ্গোলি’ প্রতিযোগিতা এবং প্রধানমন্ত্রী মোদির সুশাসনে যে ২৫ কোটি ভারতীয় দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছেন, তাঁদের সাফল্যগাথা নিয়ে বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান। নতুন প্রজন্মকে এই ভাবধারায় যুক্ত করতে এবং ২০৪৭ সালের বিকশিত ভারত গঠনে খুদেদের মতামত জানতে স্কুল ও কলেজে আয়োজিত হবে বিশেষ অঙ্কন প্রতিযোগিতা, কুইজ এবং বিতর্ক সভা। গঙ্গাপাড়ের প্রদীপ প্রজ্জ্বলন থেকে শুরু করে মাসব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে নতুন রাজনৈতিক মেজাজ স্পষ্ট দেখছে ওয়াকিবহাল মহল।

Related Articles