কেজরিওয়ালের পর SIR নোটিস রেখা গুপ্তকেও! দিল্লিতে ৩৩ লক্ষ ভোটার নজরে
এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তাঁর স্ত্রী সুনীতা, ছেলে পুলকিত এবং বাবা-মাকেও নোটিস পাঠানো হয়।
Truth of Bengal: দিল্লিতে চলতি বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় এবার নোটিস পেলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তাঁর ভোটার তথ্যের সঙ্গে বাবা-মায়ের বয়সের ব্যবধানে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ ধরা পড়েছিল। পরে BLO-র শারীরিক যাচাই এবং নথি পরীক্ষার পর তাঁর ভোটার এন্ট্রি বৈধ বলে নিশ্চিত করা হয়েছে।
এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তাঁর স্ত্রী সুনীতা, ছেলে পুলকিত এবং বাবা-মাকেও নোটিস পাঠানো হয়। তাঁদের নাম আগের SIR-এর ভোটার তালিকার সঙ্গে ‘ম্যাপ’ করা যায়নি বলে নির্বাচন দফতর জানিয়েছে। তবে নোটিস পাওয়া মানেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নয়; সংশ্লিষ্ট ভোটারদের প্রয়োজনীয় নথি দিয়ে তথ্য যাচাইয়ের সুযোগ রয়েছে।
দিল্লি CEO-র হিসাবে মোট প্রায় ৩৩.১৩ লক্ষ ভোটারের তথ্য নিয়ে আপত্তি বা অসঙ্গতি চিহ্নিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ৩১.৬৩ লক্ষের বেশি নোটিস তৈরি ও পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ‘Unmapped’ এবং ‘Logical Discrepancy’—এই দুই ধরনের কেস রয়েছে।
SIR নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। AAP কেজরিওয়াল পরিবারের নোটিস নিয়ে প্রশ্ন তুলেছে, অন্যদিকে নির্বাচন দফতর জানিয়েছে এটি বৃহত্তর যাচাই প্রক্রিয়ার অংশ এবং একই নিয়ম বহু ভোটারের ক্ষেত্রেই প্রয়োগ হচ্ছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ৪ নভেম্বর।


