অশ্বত্থ পাতায় ফুটে উঠল মোদির প্রতিকৃতি! জন্মদিনে অভিনব শ্রদ্ধা নবদ্বীপের তরুণ শিল্পীর
তুলি নয়, ক্যানভাস যখন গাছের পাতা! নরেন্দ্র মোদির জন্মদিনে অভাবনীয় শিল্পকর্ম করে নেটদুনিয়ায় তোলপাড় দেবাংশুর
পিন্টু প্যাটেল, পূর্ব বর্ধমান: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে অভিনব শিল্পকর্মের মাধ্যমে শুভেচ্ছা জানালেন নবদ্বীপের তরুণ শিল্পী দেবাংশু বৈরাগী। প্রকৃতির একটি পাতাকেই ক্যানভাস হিসেবে বেছে নিয়ে অত্যন্ত সূক্ষ্মভাবে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন তিনি।
দেবাংশু আন্তর্জাতিক শিল্পগোষ্ঠী Nature of the Canvas-এর সক্রিয় সদস্য এবং চিত্রশিল্পী রঙ্গজিব রায়ের ছাত্র। দীর্ঘদিন ধরে রঙ্গজিব রায়ের তত্ত্বাবধানে তাঁর ছাত্রছাত্রীরা প্রচলিত রং-ক্যানভাসের গণ্ডি ছাড়িয়ে পাতা, বালি, মাটি, কাগজ ও বিভিন্ন পরিত্যক্ত বা পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করে ছবি, ভাস্কর্য, ইনস্টলেশন ও নানা ধরনের সৃজনশীল মডেল তৈরি করে চলেছেন।
Nature of the Canvas-এর অন্যতম বিশেষ দিক তার আন্তর্জাতিক শিল্প-সংযোগ। বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে শিল্পীরা এসে এই শিল্পগোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছেন। দেশি-বিদেশি শিল্পীদের এই সম্মিলিত শিল্পচর্চায় প্রকৃতি কখনও হয়ে উঠেছে ক্যানভাস, আবার প্রকৃতির বিভিন্ন উপাদানই হয়ে উঠেছে শিল্পের মাধ্যম। এর মধ্য দিয়ে নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে আন্তর্জাতিক শিল্পভাবনার আদানপ্রদানের একটি ক্ষেত্রও তৈরি হয়েছে।
Nature of the Canvas-এর ডিরেক্টর চিত্রশিল্পী রঙ্গজিব রায় জানান, “আমার হাত ধরে উঠে আসা ছাত্রছাত্রীরা যখন নিজেদের চিন্তা ও নতুন নতুন উপকরণ নিয়ে স্বতন্ত্র শিল্পভাষা তৈরি করে, সেটাই সবচেয়ে আনন্দের। আজ দেবাংশুর এই পাতার শিল্পকর্ম দেখে আমরা অত্যন্ত আনন্দিত। Nature of the Canvas-এর লক্ষ্যই হল নতুন প্রজন্মকে প্রকৃতি ও পরিত্যক্ত উপকরণের মধ্যে শিল্পের সম্ভাবনা খুঁজে নিতে উৎসাহিত করা এবং তাদের কাজকে বৃহত্তর শিল্পজগতের সামনে তুলে ধরা।”
প্রধানমন্ত্রীর জন্মদিনে দেবাংশুর এই ব্যতিক্রমী শিল্প-শুভেচ্ছা তাই শুধু একটি প্রতিকৃতি নয়, প্রকৃতি, সৃজনশীলতা এবং নতুন প্রজন্মের শিল্পভাবনার এক অভিনব প্রকাশ।






