কলকাতা

বাংলায় বিপুল বিনিয়োগের লক্ষ্য! আম্বানির সঙ্গে হাইভোল্টেজ বৈঠকে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, রিলায়েন্স গোষ্ঠীর তরফে বাংলায় আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়েছে

Truth of Bengal: বাংলায় নতুন বিনিয়োগ টানতে এবার মুম্বই সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হতে পারে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক। রাজ্যে রিলায়েন্সের বর্তমান ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি নতুন প্রকল্প ও বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর।মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, রিলায়েন্স গোষ্ঠীর তরফে বাংলায় আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়েছে। অনন্ত আম্বানির সঙ্গে তাঁর কথাও হয়েছে। গণেশ উৎসবের পর মুম্বই গিয়ে মুকেশ ও অনন্ত আম্বানির সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছিলেন শুভেন্দু। রিলায়েন্সের সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্র হিসেবে ডেটা সেন্টার ও সেমিকন্ডাক্টর পরিকাঠামোর কথাও সামনে এসেছে।

রাজ্য সরকারের লক্ষ্য, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই যে সমস্ত বড় শিল্পগোষ্ঠীর ব্যবসা রয়েছে, তাদের আরও সম্প্রসারণে উৎসাহ দেওয়া। সেই সঙ্গে নতুন বিনিয়োগের জন্য জমি, শিল্পনীতি ও প্রয়োজনীয় সরকারি অনুমোদনের প্রক্রিয়া সহজ করার কথাও বলা হচ্ছে। এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, পুজোর আগেই ৩৩টি শিল্প প্রকল্পের জন্য জমি হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। আম্বানি গোষ্ঠীর ‘বনতারা’ প্রকল্পের পূর্ব ভারতে কোনও শাখা গড়ে তোলা হতে পারে কি না, তা নিয়েও জল্পনা রয়েছে। উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স থেকে পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়া—রাজ্যের বিস্তীর্ণ বনাঞ্চলকে ঘিরে বন্যপ্রাণ সংরক্ষণ ও পুনর্বাসনের প্রকল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে বলে কয়েকটি মহলে দাবি করা হচ্ছে। তবে রিলায়েন্স বা রাজ্য সরকারের তরফে এখনও পশ্চিমবঙ্গে ‘বনতারা’-র কোনও শাখার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ফলে বিষয়টি আপাতত সম্ভাবনার স্তরেই রয়েছে।

এদিকে রাজ্যে বিনিয়োগ বাড়ানো নিয়ে দেশের অন্য বড় শিল্পগোষ্ঠীর সঙ্গেও যোগাযোগ বাড়াচ্ছে শাসক শিবির। রবিবার আদিত্য বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার সঙ্গে বৈঠক করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বৈঠকের পর শমীক জানান, রাজ্যে বিড়লা গোষ্ঠীর বর্তমান ব্যবসা সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। কুমার মঙ্গলম বিড়লার মুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে। মে মাসে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই শিল্প ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার কথা বলে আসছেন মুখ্যমন্ত্রী। শিল্পনীতি, জমি সংক্রান্ত নিয়ম এবং বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন প্রণোদনা নিয়ে নতুন রূপরেখা তৈরির কথাও জানিয়েছে সরকার।

Related Articles