কলকাতা

সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে ফাটল! কবি সুভাষের মতো পরিস্থিতি?

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন

Truth of Bengal: গ্রিন লাইনের সিটি সেন্টার মেট্রো স্টেশনের একটি পিলারে দৃশ্যমান ফাটল ঘিরে যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। স্টেশনের বাইরের অংশে ফাটলটি নজরে আসার পরই ঘটনাস্থল পরিদর্শন করেন মেট্রোর আধিকারিক ও ইঞ্জিনিয়ারেরা। তবে মেট্রো কর্তৃপক্ষের আশ্বাস, মূল কাঠামোয় কোনও ক্ষতি হয়নি এবং স্টেশন সম্পূর্ণ নিরাপদ। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইনে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন। বিশেষ করে ব্যস্ত সময়ে এই রুটের মেট্রোয় প্রচণ্ড ভিড় হয়। ফলে সিটি সেন্টার স্টেশনের পিলারে ফাটলের ছবি সামনে আসতেই পরিষেবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন যাত্রীরা।

সম্প্রতি ব্লু লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারেও ফাটল দেখা গিয়েছিল। নিরাপত্তার কথা মাথায় রেখে স্টেশনটি বন্ধ করে দেয় মেট্রো কর্তৃপক্ষ। পরীক্ষার পর সেখানে বড় ধরনের মেরামতির প্রয়োজন রয়েছে বলে জানানো হয়। সেই ঘটনার পর সিটি সেন্টার স্টেশনেও পরিষেবা বন্ধ হতে পারে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়। মেট্রো কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, সিটি সেন্টার স্টেশন বন্ধ করার কোনও প্রয়োজন নেই। ফাটলের কারণে ট্রেন চলাচলেও কোনও প্রভাব পড়বে না। বিষয়টি প্রকাশ্যে আসার পর ইঞ্জিনিয়াররা ফাটলের অবস্থান, গভীরতা এবং কাঠামোগত নিরাপত্তা বিস্তারিতভাবে পরীক্ষা করেন। প্রাথমিক পর্যবেক্ষণে জানা গিয়েছে, ফাটলটি পিলারের মূল কাঠামোয় নয়। এটি বাইরের সাজসজ্জামূলক ‘ক্ল্যাডিং’ অংশে তৈরি হয়েছে। ফলে পিলারের ভার বহনকারী কাঠামো বা স্টেশনের নিরাপত্তার উপর এর কোনও প্রভাব পড়বে না বলে দাবি মেট্রোরেলের।

মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কন্নন জানিয়েছেন, পিলারে ফাটলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ইঞ্জিনিয়ারদের ঘটনাস্থলে পাঠানো হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং যাত্রীদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।মেট্রো কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত ক্ল্যাডিং দ্রুত মেরামত করা হবে। আপাতত সিটি সেন্টার স্টেশন দিয়ে মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে।

Related Articles