হাসিরানির বিরুদ্ধে মামলা খারিজ, নন্দীগ্রাম উপনির্বাচনের আগে হাইকোর্টে বড় জয় বিজেপির
মঙ্গলবার হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, কংগ্রেসের দায়ের করা আর্জিতে কোনও আইনি সারবত্তা নেই
Truth of Bengal: আসন্ন ৬ অক্টোবরের নন্দীগ্রাম হাইভোল্টেজ উপনির্বাচনের ঠিক মুখে দুর্দান্ত আইনি জয় হাসিল করল ভারতীয় জনতা পার্টি (BJP)। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনী হলফনামা ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তাঁর মনোনয়ন বাতিলের আর্জিতে মামলা করেছিল কংগ্রেস। মঙ্গলবার সেই মামলাটি সরাসরি খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের সিঙ্গল বেঞ্চ। গত শুক্রবার দীর্ঘ আইনি শুনানি শেষে আদালত রায়দান স্থগিত রেখেছিল। অবশেষে মঙ্গলবার হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, কংগ্রেসের দায়ের করা আর্জিতে কোনও আইনি সারবত্তা নেই।
উল্লেখ্য, উপনির্বাচনে বিজেপির নিশ্চিত জয় রুখতে মরিয়া কংগ্রেস অভিযোগ তুলেছিল যে, নির্বাচন কমিশনের কাছে মাধ্যমিকের শংসাপত্রে হাসিরানি রথ ১৯৬৫ সালে মাধ্যমিক পাসের নথি দেখিয়েছেন, অথচ তাঁর বয়স ৬০ বছরের কিছু বেশি। এই যুক্তিকে হাতিয়ার করে হাসিরানির মনোনয়ন বাতিলের দাবিতে আদালতের দ্বারস্থ হয় তারা। তবে শুনানিতে নির্বাচন কমিশন ও বিজেপি প্রার্থীর প্রবীণ আইনজীবী জয়দীপ কর স্পষ্ট জানিয়ে দেন, মনোনয়নপত্র পরীক্ষার (স্ক্রুটিনি) নির্দিষ্ট সময়ে বিরোধী পক্ষ কোনও আনুষ্ঠানিক আপত্তি জানায়নি। পরবর্তীতে প্রার্থীর সামান্য ভুলকে জালিয়াতি বলে দাগিয়ে দেওয়া অগ্রহণযোগ্য এবং এর ভিত্তিতে মনোনয়ন বাতিল করা যায় না।
হাইকোর্টের এই ঐতিহাসিক রায়ের ফলে আগামী ৬ অক্টোবরের উপনির্বাচনে হাসিরানি রথের প্রতিদ্বন্দ্বিতার পথ আরও সুগম হল। রাজনীতির পর্যবেক্ষকদের মতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুর আসন থেকেও বিপুল ভোটে জয়ী হওয়ায় নিয়ম মেনে নন্দীগ্রাম বিধায়ক পদটি ত্যাগ করেন। সেই শূন্য আসনে বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা বর্ষীয়ান হাসিরানি রথকে।






