বিনোদন

আমির খানকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি অডিও বার্তাকে ঘিরে দাবি করা হচ্ছে, বিষ্ণোই গ্যাংয়ের তরফে অভিনেতাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

Truth of Bengal: তৃতীয় বিয়ে ঘিরে ফের বিতর্কের কেন্দ্রে বলিউড অভিনেতা আমির খান। সম্প্রতি পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিশেষ বিবাহ আইনের আওতায় গৌরী স্প্র্যাটকে আইনি ভাবে বিয়ে করেছেন অভিনেতা। এরপর থেকেই তাঁর এই বিয়ে নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়েছে। একাধিক সংগঠন আমিরের বিরুদ্ধে ‘লাভ জেহাদ’-এর অভিযোগ তুলেছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি অডিও বার্তাকে ঘিরে দাবি করা হচ্ছে, বিষ্ণোই গ্যাংয়ের তরফে অভিনেতাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। যদিও ওই অডিও বার্তার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সম্প্রতি আমির জানান, তাঁর বর্তমান স্ত্রী গৌরী স্প্র্যাট খ্রিস্টান ধর্মাবলম্বী। তবে সেই বক্তব্যেও বিতর্ক থামেনি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই অডিও বার্তায় দাবি করা হয়েছে, ‘লাভ জেহাদ’-এর প্রচার বরদাস্ত করা হবে না এবং অভিনেতাকে এর পরিণতি ভোগ করতে হবে। পাশাপাশি একই বার্তায় এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এর আগেই আমিরের তৃতীয় বিয়েকে কেন্দ্র করে বিহারে বজরং দলের বিক্ষোভ দেখা যায়। বিক্ষোভকারীরা অভিনেতার কুশপুতুল দাহ করে এবং তাঁর বিরুদ্ধে স্লোগান দেন। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, এ ধরনের ঘটনা বন্ধ না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

অন্যদিকে, মহারাষ্ট্রের এক মন্ত্রীর মন্তব্যকে সমর্থন করে অযোধ্যার এক ধর্মগুরু আমির খান সম্পর্কে অত্যন্ত বিতর্কিত মন্তব্য করেন। পাশাপাশি শরিয়াত আইন লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে ফতোয়া জারির দাবিও সামনে আসে।

উল্লেখ্য, ১৯৮৬ সালে রীনা দত্তকে প্রথম বিয়ে করেন আমির খান। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করলেও ২০২১ সালে সেই সম্পর্কও ভেঙে যায়। সম্প্রতি গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর তৃতীয় বিয়ে নতুন করে দেশজুড়ে বিতর্কের জন্ম দিয়েছে।

দ্রষ্টব্য: এই ঘটনায় ওঠা একাধিক অভিযোগ, হুমকি এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অডিও বার্তার সত্যতা সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

Related Articles