তান্নু কিলড মনু! প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন, ডিলিট চ্যাটের সূত্র ধরে জালে স্ত্রী
নাক-মুখ চেপে অজ্ঞান করে খালে নিক্ষেপ! গ্রেফতার খুনি স্ত্রী ও তাঁর প্রেমিক
Truth of Bengal: হরিয়ানার রেওয়াড়ি জেলায় ঘটে গেল এক হাড়হিম করা ও চরম রোমহর্ষক অপরাধের ঘটনা। ২৩ দিন আগে স্থানীয় একটি খাল থেকে উদ্ধার হওয়া ২১ বছরের এক যুবকের মৃত্যুকে প্রাথমিকভাবে ‘আত্মহত্যা’ বলে ধরে নিয়েছিল পুলিশ। কিন্তু স্বামীর মৃত্যুর পর যে স্ত্রী শ্বশুরবাড়িতে কান্নার রোল তুলেছিলেন, সাইবার বিশেষজ্ঞদের একটি চাঞ্চল্যকর রিপোর্টে তাঁরই পরকীয়া ও খুনের ভয়ঙ্কর কীর্তি ফাঁস হয়ে গেল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মনু (২১)। তিন বছর আগে তান্নু নামে এক যুবতীর সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। মনু রাজস্থানের একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। বিয়ের পর থেকে তান্নু তাঁর শ্বশুরবাড়িতে খুব একটা থাকতেন না, মাত্র তিন-চারবার অল্প দিনের জন্য এসেছিলেন। তদন্তকারীদের দাবি, এই ঘটনার সূত্রপাত গত ৭ জুন। সেদিন মনু তাঁর পরিবারকে জানান যে তিনি স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি যাচ্ছেন। ৮ জুন কোম্পানি থেকে বেতন পাওয়ার পর সেই টাকা সঙ্গে নিয়ে নিজের স্কুটারে চড়ে রওনা দেন মনু। কিন্তু ৯ তারিখ পার হয়ে গেলেও তিনি না ফেরায় পরিবার পুলিশে নিখোঁজ ডায়েরি করে। ১০ জুন আসলওয়াস গ্রামের কাছে একটি খাল থেকে মনুর দেহ উদ্ধার হয়। শরীরে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন না থাকায় পুলিশ এটিকে সাধারণ আত্মহত্যা বলেই ধরে নেয়।
ডিলিট হওয়া ডেটা ও ৪৯টি কল ড্রপ! সাইবার বিশেষজ্ঞদের রিপোর্টে ঘুরল মামলার মোড়
আত্মহত্যার মামলা রুজু করে মনুর মোবাইল ফোনটি তাঁর পরিবারের হাতে ফেরত দেয় পুলিশ। কিন্তু মনুর ভাইয়েরা ফোনটি ঘাটতে গিয়ে দেখেন, মোবাইলের সমস্ত চ্যাট, কল হিস্ট্রি এবং ডেটা সম্পূর্ণ মুছে (Delete) ফেলা হয়েছে। এতেই পরিবারের মনে তীব্র সন্দেহ দানা বাঁধে। তাঁরা তড়িঘড়ি সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে ফোনের হারানো ডেটা রিকভার করেন। আর তাতেই চোখ কপালে ওঠে সবার! দেখা যায়, নিখোঁজ হওয়ার রাতে মনু তাঁর স্ত্রী তান্নুকে এক নাগাড়ে ৪৯ বার ফোন করেছিলেন, যার মধ্যে মাত্র ৩ বার ফোন ধরে অল্প কথা বলেছিলেন তান্নু।
নাক-মুখ চেপে অজ্ঞান করে খালে নিক্ষেপ! গ্রেফতার খুনে স্ত্রী ও তাঁর প্রেমিক
এই অকাট্য তথ্য হাতে পাওয়ার পর পরিবারের অভিযোগে নতুন করে খুনের মামলা রুজু করে তদন্তে নামে রেওয়াড়ি জেলার পুলিশ। এরপরই তান্নুকে আটক করে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করতেই ভেঙে পড়েন তিনি। তান্নু স্বীকার করেন, তাঁর প্রেমিক সোনুর সঙ্গে মিলে এই খুনের ছক কষা হয়েছিল। ঘটনার রাতে মনু শ্বশুরবাড়িতে পৌঁছানো মাত্রই সোনু, তান্নু এবং তাদের এক সহযোগী মিলে আচমকা মনুর নাক ও মুখ চেপে ধরে তাঁকে অজ্ঞান করে দেয়। এরপর গোটা ঘটনাটিকে দুর্ঘটনা বা আত্মহত্যা বলে চালাতে মনুর স্কুটারটি খালের পাশে পার্ক করে, তাঁর নিথর দেহটি জ্যান্ত অবস্থায় খালের জলে ফেলে দেয় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই খুনে স্ত্রী তান্নু ও প্রেমিক সোনুকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা তৃতীয় ব্যক্তির সন্ধানে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।






