দক্ষিণ দিনাজপুরে ভোটার তালিকা সংশোধন নিয়ে সহায়তা শিবির
শিবিরে উপস্থিত ছিলেন সিপিএমের দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক নন্দলাল হাজরা।
Truth of Bengal: বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বা আবেদন বিচারাধীন থাকা ব্যক্তিদের আইনি পরামর্শ দিতে রবিবার দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের ৮ নম্বর গ্রাম পঞ্চায়েতের গুরাইল হাটখোলায় সহায়তা শিবিরের আয়োজন করল অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন।
শিবিরে উপস্থিত ছিলেন সিপিএমের দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক নন্দলাল হাজরা। পাশাপাশি ছিলেন অচিন্ত্য চক্রবর্তী, দিলীপ বিশ্বাস, সাহিদুর ইসলাম সরকার, জসিমুদ্দিন সরকার, লিটন সরকার, জাহাঙ্গীর আলম-সহ সংগঠনের নেতৃত্ব। সাধারণ মানুষের আইনি সমস্যার সমাধানে পরামর্শ দেন আইনজীবী কৃষ্ণদাস দাস ও মোনালিসা চক্রবর্তী।উদ্যোক্তাদের দাবি, প্রায় ৩০০ জন ওই শিবিরে এসে নিজেদের সমস্যার কথা জানান এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ নেন।
অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক কৃষ্ণদাস দাস বলেন, ‘‘এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে বা যাঁদের আবেদন এখনও বিচারাধীন, তাঁদের আইনি সহায়তা দিতেই এই শিবিরের আয়োজন করা হয়েছে। ভোটার তালিকায় নাম ফের অন্তর্ভুক্ত করতে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।’’সংগঠনের দাবি, এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে বহু সাধারণ মানুষ সমস্যার মুখে পড়েছেন। তাঁদের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।






