ফরিদাবাদে নাবালিকাকে গণধর্ষণ, পলাতক চার অভিযুক্ত
এই জাতীয় ঘটনা বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রায় হওয়ায় উঠতে শুরু করেছে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন।
Truth Of Bengal: ফের বিজেপি শাসিত রাজ্য থেকে উঠে এলো নাবালিকাকে গণধর্ষণ। এবারের ঘটনাটি ঘটেছে হরিয়ানাতে। এক নাবালিকা স্কুলপড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠেছে চার অজ্ঞাতপরিচয়ের যুবকের বিরুদ্ধে। ঘটনাটি চলতি মাসের ২৬ তারিখে ঘটলেও, তা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। সেই চারজনই পলাতক। যদিও পুলিশের তরফ থেকে শুরু হয়েছে তল্লাশি। তবে এই জাতীয় ঘটনা বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রায় হওয়ায় উঠতে শুরু করেছে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন।
জানা গিয়েছে, সেই পড়ুয়া অষ্টম শ্রেণীর ছাত্রী। ২৬ তারিখ সন্ধ্যায় সে বাজারে গিয়েছিল এবং তার পর থেকেই কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। পরিবারের তরফ থেকে খোঁজার চেষ্টা করা হলেও, তাকে পাওয়া যায়নি। ২৭ তারিখ ভোরে সে ফিরে আসে। পুলিশের বক্তব্য, অভিযুক্তরা সেই নাবালিকাকে অপহরণ করে এক অচেনা জায়গায় নিয়ে যায় গাড়ি করে এবং তারপর মাদক খাইয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরের দিন ভোরে নাবালিকাকে তার বাড়ির কাছাকাছি এক জায়গায় নামিয়ে দিয়ে পালায় তারা।
ফরিদাবাদ ওল্ড থানায় নাবালিকার পরিবার অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি, চার অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার বেশ কয়েকটি ধারা এবং পকসো আইনের ধারায়। পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন ভারপ্রাপ্ত আধিকারিক বিষ্ণু মিত্তর। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে সেই চার যুবককে চিহ্নিত করার জন্য। তবে মনে করা হচ্ছে যে সাম্প্রতিককালে যেভাবে ডবল ইঞ্জিন সরকার শাসিত রাজ্যগুলিতে নারী ধর্ষণ বা নির্যাতনের ঘটনা ঘটছে, তাতে আগামীদিনে বেশ চাপে পড়বে গেরুয়া শিবির।






