রাজ্যের খবর

বেছে বেছে তৃণমূলের মহিলাদের অন্নপূর্ণার টাকা! বিডিও অফিসে ঢুকে হেস্তনেস্ত করলেন বিধায়ক চন্দনা

“দালালি করার ইচ্ছে থাকলে রাস্তায় বসুন, অফিসে নয়!”, মেজিয়া বিডিও অফিসে ঢুকে টেবিল চাপড়ে হুঁশিয়ারি চন্দনার

Truth of Bengal: কোনও আগাম খবর না দিয়েই বাঁকুড়ার মেজিয়া বিডিও অফিসে আকস্মিক পরিদর্শনে হাজির হন শালতোড়ার জনপ্রিয় বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি। সেখানে অন্নপূর্ণা যোজনার ফর্ম আপলোডের দায়িত্বে থাকা ডেটা এন্ট্রি অপারেটরদের ঘরে ঢুকে সরাসরি ক্ষোভে ফেটে পড়েন তিনি। বিধায়কের অভিযোগ, অন্নপূর্ণা যোজনায় প্রকৃত গরিব ও যোগ্য প্রাপকদের একটা বড় অংশ আবেদন করা সত্ত্বেও তাঁদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। বেছে বেছে শুধু তৃণমূলের সঙ্গে যুক্ত মহিলাদের এবং তাঁদের পরিবারের সদস্যদের এই যোজনার টাকা পাইয়ে দেওয়া হচ্ছে।

অপারেটরদের কড়া হুঁশিয়ারি দিয়ে চন্দনা বাউড়ি বলেন, “এই টাকা কোনও তৃণমূলের নিজস্ব ফান্ডের টাকা নয়। এটা সাধারণ মানুষের রক্ত জল করা করের টাকা (Tax Money)। তাই কে কোন রাজনৈতিক দল করেন, তা না দেখে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করুন। আর যদি দালালি করার খুব ইচ্ছে থাকে, তবে বিডিও অফিসে সরকারি চেয়ারে বসে নয়, আপনারা দপ্তরে কাজ ছেড়ে রাস্তার ধারে গিয়ে দালালি করুন!”

“বিজেপির মহিলা দেখলেই নাম বাদ”, বিডিও অফিসের ভেতরেই বড় চক্রের হদিশ!

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দনা বাউড়ি আরও বিস্ফোরক অভিযোগ তোলেন। তাঁর দাবি, “বিডিও অফিসে কর্মরত কিছু ডেটা এন্ট্রি অপারেটর সরাসরি তৃণমূলের আইটি সেল বা দলের সঙ্গে যুক্ত। তাঁরা বেছে বেছে বিজেপি কর্মী, সমর্থক এবং সাধারণ তফসিলি জাতি ও জনজাতির (SC/ST) মহিলাদের নাম অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে কেটে দিচ্ছেন। রাজ্য সরকার যখন রাজনৈতিক নিরপেক্ষতার সঙ্গে সবাইকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে, তখন প্রশাসনের ভেতরে বসে থাকা কিছু দালাল সরকারের বদনাম করার চক্রান্ত করছে।”

অ্যাকশনে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ! তালিকা তদন্তের কড়া নির্দেশ

বিধায়ক জানান, গত কয়েকদিন ধরে মেজিয়া ব্লকের বহু প্রান্তিক মহিলা তাঁকে ফোন করে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার বিষয়ে অভিযোগ জানাচ্ছিলেন। নিজে বিডিও অফিসে গিয়ে তিনি সেই সব অভিযোগের সত্যতা হাতেনাতে পেয়েছেন। চন্দনা বলেন, “আমি এই ঘটনার সম্পূর্ণ বিবরণ দিয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের কাছে ওই দুর্নীতিগ্রস্ত ডেটা এন্ট্রি অপারেটরদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং চাকরি থেকে বরখাস্ত করার আর্জি জানাচ্ছি।” অন্যদিকে, বিজেপি বিধায়কের এই রূঢ় রূপ এবং পঞ্চায়েত মন্ত্রীর দফতরে এই অভিযোগের ফাইল পৌঁছানো মাত্রই নবান্নের তরফে মেজিয়া ব্লকের অন্নপূর্ণা যোজনার সমস্ত আপলোডেড ডেটাবেস খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর।

Related Articles