রাজ্যের খবর

জিরো পয়েন্টে তিনদিন মরণপণ লড়াই! দুই শিশু-সহ ১০ বাংলাদেশিকে বুক দিয়ে বাঁচাল বিএসএফ

নিজের দেশই ফেরাল মুখ, জিরো পয়েন্টে তিনদিনের নরকযন্ত্রণা! দুই শিশু-সহ ১০ বাংলাদেশিকে উদ্ধার করে অনন্য নজির বিএসএফের

Truth of Bengal: সীমান্তে তিন-তিনটে দিন খোলা আকাশের নিচে অপেক্ষা করাই সার হলো, শেষ পর্যন্ত বরফ গলল না বর্ডার গার্ড বাংলাদেশের (BGB)। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে প্রবল ঝড়বৃষ্টি মাথায় নিয়ে কাঁটাতারের ওপাড়ে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও, নিজের দেশেরই অসহায় নাগরিকদের বাংলাদেশে প্রবেশের অধিকার দিল না সে দেশের রক্ষীবাহিনী। উল্টে তাড়া করে তাঁদের ঠেলে দেওয়া হল দুই দেশের মধ্যবর্তী ‘জিরো পয়েন্টে’। এই চরম সংকটের মুখে দাঁড়িয়ে ফের একবার অনন্য মানবিক পদক্ষেপ নিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF)। সোমবার জলপাইগুড়ি নগর বেরুবাড়ি সীমান্তের জিরো পয়েন্টে দেশে ফেরার অপেক্ষায় দিন গোনা এবং খিদে-তেষ্টায় ক্লান্ত ১০ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করল বিএসএফ। পরবর্তীতে আইনি প্রক্রিয়া মেনে তাঁদের জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিএসএফের এই মানবিক রূপকে কুর্নিশ জানিয়েছেন ভারত-বাংলাদেশ সীমান্তের জয়পুর গ্রাম লাগোয়া এলাকার বাসিন্দারা।

তাড়া করল বিজিবি, খোলা আকাশের নিচে কাটল তিন দিন

আপাতত উদ্ধার হওয়া এই ১০ জন বাংলাদেশি নাগরিককে জলপাইগুড়ির একটি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। সীমান্তপাড়ের ভারতীয় বাসিন্দাদের দাবি, গত তিনদিন ধরে দূর থেকে হলেও প্রতিবেশী দেশের এই মানুষগুলোর চরম দুর্দশা প্রত্যক্ষ করছিলেন তাঁরা। জানা গিয়েছে, আটক এই ১০ বাংলাদেশির মধ্যে তিনজন যশোরের, চারজন চট্টগ্রামের, এবং খুলনা, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলার একজন করে বাসিন্দা রয়েছেন। এই দলের মধ্যেই রয়েছে দুটি দুগ্ধপোষ্য শিশুও।

অনুসন্ধানে জানা গিয়েছে, একসময় দালালের খপ্পরে পড়ে কোনও বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভারতে এসে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিলেন এই দুলর্ভ নাগরিকরা। সম্প্রতি নিজের দেশে, নিজের পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য তাঁরা রাতের অন্ধকারে নগর বেরুবাড়ি সীমান্ত দিয়ে ওপাড়ে ঢোকার চেষ্টা করেছিলেন। কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবি তাঁদের দেখে ফেলামাত্রই পশুর মতো তাড়া করে ভারতের দিকে জিরো পয়েন্টের ফাঁকা অংশে এনে ফেলে রেখে যায়।

ফ্ল্যাগ মিটিংয়েও অনড় বাংলাদেশ, শেষমেশ ত্রাতা বিএসএফ

সীমান্তের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত তিনদিন ধরে ভয়ংকর ঝড় ও বৃষ্টির মধ্যে কোনও খাবার এবং মাথার ওপর ছাদ ছাড়াই জিরো পয়েন্টে পড়েছিলেন এই ১০ জন মানুষ। শিশুদের কান্না দেখে কেঁদে উঠেছিল ভারতীয় গ্রামবাসীদের মনও। বিএসএফের পক্ষ থেকে অবিলম্বে বিজিবির আধিকারিকদের সঙ্গে একটি জরুরি ফ্ল্যাগ মিটিংয়ের আয়োজন করা হয়। ভারতীয় জওয়ানরা অনুরোধ করেন, যেহেতু এরা বাংলাদেশেরই নাগরিক, তাই মানবিকতার খাতিরে এদের ওপাড়ে ফিরিয়ে নেওয়া হোক। কিন্তু বিজিবি কোনও যুক্তি বা অনুরোধ শুনতেই রাজি হয়নি।

অবশেষে প্রতিবেশীর এই অমানবিকতার মুখে ঢাল হয়ে দাঁড়ায় বিএসএফ। জলপাইগুড়ির জিরো পয়েন্ট থেকে তাঁদের সসম্মানে উদ্ধার করে খাবার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, হোল্ডিং সেন্টারে রাখা এই নাগরিকদের বিষয়ে পরবর্তী কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে বিএসএফের এই কাজের পর সীমান্তে ভারতীয় জওয়ানদের জয়ধ্বনি দিচ্ছেন সাধারণ মানুষ।

Related Articles