রাজ্যের খবর

থুতু-পানের পিক, রাস্তায় প্রস্রাব করলেই জরিমানা! ‘স্বচ্ছ অ্যাপ’ ও ‘ওয়েস্ট ফাইন’ নিয়ে অগ্নিমিত্রার বড় ঘোষণা

সেপ্টেম্বর থেকে চালু ‘ওয়েস্ট ফাইন’, প্রত্যেক বাসে থাকবে নোংরা ফেলার ব্যাগ! নজিরবিহীন সিদ্ধান্তের পথে নতুন সরকার

Truth of Bengal: তিলোত্তমা তথা গোটা রাজ্যকে আবর্জনা মুক্ত ও ঝকঝকে করে তুলতে এবার নজিরবিহীন কড়া পদক্ষেপের পথে হাঁটল রাজ্যের নতুন সরকার। আগামী ৩০ মে থেকে রাজ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে চলেছে ‘স্বচ্ছ অ্যাপ’। শুধু তাই নয়, রাস্তাঘাটে যেখানে-সেখানে নোংরা-আবর্জনা ফেললে, থুতু বা পানের পিক ফেললে কিংবা যত্রতত্র প্রস্রাব করলে এবার সাধারণ মানুষকে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। তবে সাধারণ মানুষকে নিজেদের অভ্যাস শোধরানোর জন্য আগামী তিন মাস সচেতনতামূলক প্রচারের মাধ্যমে সময় দেবে প্রশাসন। বৃহস্পতিবার এই বিষয়ে রাজ্যবাসীকে একগুচ্ছ বড় আপডেট দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

১০টি পুরসভায় পাইলট প্রজেক্ট, ১০০ মিটার অন্তর ডাস্টবিন

এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাফ জানান, “আপাতত যে সমস্ত পুরসভায় প্রশাসক বসানো হয়েছে, সেখানে এই স্বচ্ছ অ্যাপ চালু করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে রাজ্যের ১০টি পুরসভাকে বেছে নিয়ে পাইলট প্রজেক্ট হিসেবে এই কাজ শুরু হবে।” শহরজুড়ে নোংরা ফেলার পরিকাঠামো তৈরি করতেও বড় ঘোষণা করেছেন মন্ত্রী।

তিনি জানান, এবার থেকে গোটা রাজ্যে প্রতি ১০০ মিটার দূরত্বে একটি করে সরকারি ডাস্টবিন বা ময়লা ফেলার পাত্র বসানো হবে। কেউ যদি ডাস্টবিন থাকা সত্ত্বেও রাস্তায় চিপসের প্যাকেট, জলের বোতল বা আবর্জনা ফেলেন, তবে পুলিশ ও পুরসভা সরাসরি তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে। এমনকি গণপরিবহণের ক্ষেত্রেও কড়াকড়ি করা হচ্ছে; আগামী দিনে প্রতিটি সরকারি ও বেসরকারি বাসের ভেতরে ‘ওয়েস্ট ব্যাগ’ বা নোংরার থলি রাখা বাধ্যতামূলক করা হচ্ছে, যাতে যাত্রীরা চলন্ত বাস থেকে রাস্তায় ময়লা না ফেলেন।

সেপ্টেম্বর থেকে ‘ওয়েস্ট ফাইন’, অ্যাপে ছবি তুললেই অ্যাকশন

মন্ত্রী জানান, আগামী তিন মাস অর্থাৎ আগস্ট পর্যন্ত সাধারণ মানুষকে সচেতন করা হবে। এরপর সেপ্টেম্বর মাস থেকে পুরো মাত্রায় রাজ্যজুড়ে চালু হয়ে যাবে ‘ওয়েস্ট ফাইন’ বা আবর্জনা ফেলার জরিমানা বিধি। এই নিয়মের বড় হাতিয়ার হতে চলেছে ‘স্বচ্ছ অ্যাপ’। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ নিজেরা যেমন শহরের নিয়মকানুন জানতে পারবেন, তেমনই রাস্তায় কোনো আবর্জনা পড়ে থাকতে দেখলে তার ছবি তুলে সরাসরি অ্যাপে আপলোড করে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেবে পুর প্রশাসন।

Related Articles