মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম কোর্টের চরম হুঁশিয়ারি! ২ মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ এনআইএ-কে
তদন্ত ইতিমধ্যে শেষ হয়ে থাকে তবে দ্রুত চার্জশিট দাখিল করতে হবে এবং আইন তার নিজস্ব পথেই চলবে।
Truth of Bengal: মালদহের মোথাবাড়িতে ভোটার তালিকা সংক্রান্ত বিশেষ পর্যালোচনার কাজে যুক্ত বিচারকদের দীর্ঘক্ষণ আটকে রাখার ঘটনায় এবার কড়া অবস্থান নিল দেশের শীর্ষ আদালত। সোমবার এই মামলার শুনানিতে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-কে আগামী দুই মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, যদি তদন্ত ইতিমধ্যে শেষ হয়ে থাকে তবে দ্রুত চার্জশিট দাখিল করতে হবে এবং আইন তার নিজস্ব পথেই চলবে।
গত এপ্রিল মাসে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ তুলে মালদহের মোথাবাড়ি এবং সুজাপুর চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। সেই সময় কালিয়াচক-২ নম্বর ব্লক অফিসের ভেতরে এসআইআরের কাজে নিযুক্ত সাতজন বিচারককে ঘিরে রেখে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। মাঝরাত পর্যন্ত তাঁদের আটকে রাখার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল দেশজুড়ে। এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে মামলাটি সুপ্রিম কোর্টের নজরে আসে এবং বর্তমানে এনআইএ এই ঘটনার নেপথ্যে থাকা চক্রান্তের তদন্ত করছে। এদিন আদালতে তদন্তের বর্তমান পরিস্থিতি বা স্টেটাস রিপোর্ট জমা দেয় এনআইএ। তদন্তকারী সংস্থার আইনজীবী জানান, ঘটনার মূল চক্রান্তকারীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে। শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি জানতে চান, ধৃত ব্যক্তিদের সঙ্গে কোনও রাজনৈতিক দলের সরাসরি যোগসূত্র পাওয়া গিয়েছে কি না। তিনি সাফ জানিয়ে দেন যে, বিচার বিভাগ চায় না এই মামলার তদন্ত কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকুক, বরং প্রকৃত সত্য সামনে আসা প্রয়োজন।
বিচারকদের নিরাপত্তার বিষয়েও সোমবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, আক্রান্ত বিচারকদের নিরাপত্তা আপাতত বজায় থাকবে। তবে পুলিশ সুপার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি মনে করেন যে কোনও বিচারকের ক্ষেত্রে আর প্রাণের ঝুঁকি বা হুমকির আশঙ্কা নেই, তবে তাঁরা নিরাপত্তা প্রত্যাহারের বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। আগামী দুই মাস পর মামলার পরবর্তী শুনানিতে এনআইএ-কে তাদের চূড়ান্ত তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।






